পাঁচ বছরের সন্তানের প্রশংসা করতেই কটাক্ষে বিদ্ধ তারকা সন্তান। সম্প্রতি দিয়া মির্জা অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে এসেছিলেন। সেখানেই পাঁচ বছরের ছেলের প্রশংসা করেতেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। দিয়া জানান, একবার এক ডেলিভারি বয় প্লাস্টিকের ব্যাগে ভরে প্যাকেজিং ডাবের ডল আর স্ট্র নিয়ে এসেছিলেন। কিন্তু, তাঁদের বাড়িতে কখনও প্লাস্টিক ব্যবহার করা হয় না। তাই সংশ্লিষ্ট ব্যক্তিকে সে বলেছিল, "দাদা, আপনি এটা প্লাস্টিকে করে এনেছেন। আমাদের বাড়িতে প্লাস্টিক ব্যবহারের অনুমতি নেই। ডাবের জল বের করে এখানে রেখে দিন আর প্লাস্টিক ও স্ট্রটি সঙ্গে করে নিয়ে যান।" ব্যাস এরপরই সোশালপাড়ায় সক্রিয় নীতিপুলিশরা।
পাঁচ বছরের শিশুর এহেন ব্যবহারের যখন তীব্র নিন্দায় মুখরিত, তখন পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চড্ডা। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে দিয়ার দীর্ঘদিনের পরিবেশ রক্ষার কাজের প্রশংসা করেন। সেই সঙ্গে একরত্তিকে আক্রমণ করার যে প্রবণতাকে ধিক্কার জানান। এক নেটাগরিক দিয়াকে খোঁচা মেরে লিখেছেন, 'পরিবেশ সচেতনতার কথা বলেও নিজে জাগুয়ার গাড়ি ব্যবহার করেন।'
সেই পোস্টটি পুনরায় শেয়ার করে দিয়ার সমর্থনে রিচার জবাব, 'অভিনেতারা কেন সামাজিক বিষয় নিয়ে মুখ খোলেন না এখন বুঝতে পারছেন? বললেও দোষ, না বললেও দোষ। অভিনেতাদের মানসিক স্বাস্থ্যের কোনও মূল্য নেই? শিল্পীদের আত্মহত্যার খবর নিয়ে চর্চা করতে সবাই আগ্রহী কিন্তু তাঁদের প্রতিদিনের মানসিক চাপের কথা কেউ ভাবে না। বিশেষ করে কোনও নারী বিশেষ করে তিনি যদি পাবলিক ফিগার হন তাহলে নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে কোনও মত প্রকাশ করলেই তাঁর বিরোধীতা করাই যেন মূল লক্ষ্য।'
ছেলের প্রশংসা করতে গয়ে বিপাকে দিয়া
জাগুয়ার গাড়ি ব্যবহারের অভিযোগও সরাসরি খারিজ করে দেন রিচা। তাঁর দাবি, তিনি দিয়াকে সবসময় বৈদ্যুতিক গাড়িতেই চলাফেরা করতে দেখেছেন। আরও জানান, দিয়া তাঁর বিয়েতে উপহার হিসেবে এক হাজার একশোটি গাছ দিয়েছিলেন। সেই অনুপ্রেরণায় নিজের কন্যাসন্তানের জন্মের সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও গাছ উপহার দিয়েছিলেন তিনি। রিচা লেখেন, 'দিয়ার জাগুয়ার আছে এটা সম্পূর্ণ হাস্যকর। আর যদি অতীতে তাঁর কোনও ভুল থেকেও থাকে তাহলে এত কঠোর বিচার কেন? দিয়ার পরিবেশ সংক্রান্ত কাজের প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি জানান, দিয়া এমন এক কাগজ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত যেখানে গাছ না কেটেই কাগজ তৈরি হয়। পাশাপাশি, তিনি ‘WITHOUT’নামক একটি প্লাস্টিক রিসাইক্লিং স্টার্টআপের সঙ্গেও যুক্ত। যেখানে পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে সানগ্লাস তৈরি করা হয়। জলবায়ু পরিবর্তন নিয়ে দিয়ার প্রযোজিত একটি স্বল্পদৈর্ঘ্যের ছবির কথাও উল্লেখ করে রিচা লেখেন, 'যদি একটি পাঁচ বছরের শিশুকে ট্রোল করতে পারেন তাহলে অন্তত গুগলে কয়েক মিনিট খরচ করে সত্যিটা জেনে নিন।'
রিচা চড্ডা
সুর চড়িয়ে রিচার সংযোজন, 'দিয়া একদিনে পরিবেশ পুনরুদ্ধারের জন্য যতটা কাজ করেন অনেক ইউটিউব ব্লগার বা তাঁর সমালোচকরা হয়তো সারা বছরেও ততটা করেন না। যাঁরা সত্যিই পৃথিবীর জন্য ভালো কিছু করতে চান তাঁদের কটূকথা শুনতে হয়। আরামকেদারায় বসে তাঁদেরকেই ভণ্ড বলে দাগিয়ে দেওয়াই প্রধান কাজ।'
