৮ ঘণ্টার শিফট চেয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরাগভাজন হন দীপিকা পাড়ুকোন। যার মাশুলও গুনতে হয়েছে মস্তানিকে। হাতছাড়া হয়েছে একাধিক মেগাবাজেট দক্ষিণী সিনেমা! এমনকী দীপিকাকে 'অপেশাদার, ছদ্ম নারীবাদী' বলেও কটাক্ষ করেছিলেন 'অ্যানিম্যাল' পরিচালক। 'ভাঙ্গা বনাম দীপিকার স্পিরিট' বিতর্ক যে গোটা পঁচিশ সালজুড়ে সিনেদুনিয়ার চর্চার শিরোনামে বিরাজ করেছে, বললেও অত্যুক্তি হয় না। তবে ভাঙ্গার 'চক্ষুশূলে'র তালিকায় দীপিকা নাম লেখালেও এবার তাঁর 'ধুরন্ধর' স্বামী রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবির প্রশংসায় কলম ধরলেন পরিচালক।
জন্মলগ্ন থেকেই 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির সঙ্গী বিতর্ক। প্রথমভাগের মতো সিক্যুয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯ মার্চ রিলিজের পর থেকেই 'বিজেপির প্রোপাগান্ডা' তকমায় প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমাকে। 'বিতর্কের সলতে'তে অবশ্য আগুনটা ধ্রুব রাঠিই ধরিয়েছিলেন। বর্তমানে সেটাই যেন দাবানলের আকার ধারণ করেছে! ইউটিউবার ধ্রুব 'বিজেপির নির্লজ্জ প্রোপাগান্ডা' বলে তোপ দাগার পর 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর বিরুদ্ধে হিংসার উদযাপনের অভিযোগ তুলে আসাদউদ্দিন ওয়েইসি-সহ আরও অনেকে। এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রি, রাজনৈতিকমহলের অন্দরেও আদিত্য ধর পরিচালিত সিক্যুয়েল নিয়ে ফিসফাসের অন্ত নেই! এবার সেই প্রেক্ষিতেই 'ধুরন্ধর'-এর ঢাল হয়ে দাঁড়ালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)।
"অনেক লেখক, অভিনেতাই তো প্রোপাগান্ডার ওপর ভিত্তি করেই নিজেদের কেরিয়ার গড়েছেন, অথচ সেসময়ে পুরো ইন্ডাস্ট্রি বিড়ালের মতো চুপচাপ বসে ছিল! আর এখন সেই একই গোষ্ঠী 'ধুরন্ধর'কে বিদ্রূপ করছে।..."
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'অনেক লেখক, অভিনেতাই তো প্রোপাগান্ডার ওপর ভিত্তি করেই নিজেদের কেরিয়ার গড়েছেন, অথচ সেসময়ে পুরো ইন্ডাস্ট্রি বিড়ালের মতো চুপচাপ বসে ছিল! আর এখন সেই একই গোষ্ঠী 'ধুরন্ধর'কে বিদ্রূপ করছে। কাউকে উপহাস করাই যদি আপনাদের প্রথম প্রবৃত্তি হয়, তবে নিজেকে 'উদারপন্থী' বলে দাবি করার কোনও অধিকার আপনাদের নেই। জানি না, কবে থেকে সত্যকে 'প্রোপাগান্ডা' বলে দাগিয়ে দেওয়া শুরু হল। কী অদ্ভুত এক সময়!' এখানেই অবশ্য থামেননি ভাঙ্গা। রণবীর স্তুতি করে 'অ্যানিম্যাল' পরিচালকের সংযোজন, "আসল কথায় আসি, আমি আদিত্য এবং রণবীর সিংকে বলতে চাই যে এই কুদৃষ্টি কিন্তু এত সহজে কাটবে না। এক মুঠো লাল লঙ্কা দিয়ে কাজ হবে না। পুরো ক্ষেতটাই জ্বালিয়ে দিতে হবে। গত রাতে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটি দেখলাম, অসাধারণ একটা ছবি!"
'ধুরন্ধর ২'-এ রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম
"প্রিয় সন্দীপ, তুমি যেভাবে নিজের অবস্থানে অটল থাকো এবং যখনই প্রয়োজন হয় যোগ্য জবাব দিতে পিছপা হও না, সেই বিষয়টা আমি মন থেকে ভালোবাসি। এর মধ্যে এক গভীর সততা ও বিশ্বাস নিহিত রয়েছে। যেটাকে আমি সত্যিই শ্রদ্ধা করি।..."
পালটা ভাঙ্গাকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক আদিত্য ধর। 'ধুরন্ধর' পরিচালকের মন্তব্য, "প্রিয় সন্দীপ, তুমি যেভাবে নিজের অবস্থানে অটল থাকো এবং যখনই প্রয়োজন হয় যোগ্য জবাব দিতে পিছপা হও না, সেই বিষয়টা আমি মন থেকে ভালোবাসি। এর মধ্যে এক গভীর সততা ও বিশ্বাস নিহিত রয়েছে। যেটাকে আমি সত্যিই শ্রদ্ধা করি। কোনওরকম দ্বিধা বা অহেতুক গণ্ডগোল না করে তুমি যে দৃঢ়তার সঙ্গে নিজের সিনেমার পাশে দাঁড়াও, আমি সবসময়ে তার প্রশংসা করে এসেছি। তোমার এই ধরণের দৃঢ় প্রত্যয় আমাদের সবাইকে নিজেদের ভিতরের আওয়াজের উপর আস্থা রাখতে এবং নির্ভয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। কিংবদন্তি প্রভাসকে আমার ভালোবাসা জানিও! তোমার জন্য অনেক ভালোবাসা রইল এবং 'স্পিরিট'-এর জন্য শুভকামনা। ভবিষ্যতে যদি তোমার জন্য একজন ভাই হিসেবে তোমাকে সাহায্য করতে পারি, তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে।"
