সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই ভক্তদের বড়সড় সারপ্রাইজ দিলেন শেহনাজ গিল ও জিপ্পি গ্রেওয়াল। সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা গেল তাঁদের দু'জনকে। কিন্তু শহরে হঠাৎ কেন এলেন তাঁরা দু'জন। কোন চমক দেবেন তাঁরা অনুরাগীদের?
সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা মেলে শেহনাজ ও জিপ্পির। কলকাতায় বিমানবন্দরের বাইরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। শেহনাজকে দেখা যায় গোলাপি টপ, জিন্সে। মাথায় পরেছিলেন টুপি। প্রথমে বিমানবন্দরে সকলের নজর এড়াতে মুখে মাস্ক পরে থাকলেও তা পরে সরিয়ে দেন অভিনেত্রী। হাসিমুখে ক্যামেরায় পোজ দেন তিনি। গাড়িতে ওঠার পর কলকাতার পাপারাজ্জিদের ধন্যবাদ জানাতেও ভোলেন না। অন্যদিকে কলকাতায় এসে পাপারাজ্জিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন জিপ্পি গ্রেওয়ালও। এদিন তাঁকে দেখা যায় সবুজ রঙা টি-শার্ট ও ট্রাউজারে। তাঁদের কলকাতায় আসার কারণ ঠিক কি তা জানতে মুখিয়ে ছিলেন সকলেই। সময় গড়াতেই তা পরিষ্কার হল।
আসলে কলকাতায় তাঁরা দু'জন এসেছেন তাঁদের নতুন ছবির শুটিংয়ে। তাঁদের নতুন পাঞ্জাবি ছবির শুটিং হবে কলকাতায়। ছবির নাম 'সিং ভার্সেস কৌর ২'। কলকাতার নামি প্রযোজনা সংস্থা এসভিএফ এন্টারটেনমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ছবির কাজ করবেন তাঁরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। এই ছবির হাত ধরে বহুদিন পর একসঙ্গে কাজ করবেন শেহনাজ ও জিপ্পি। ফের জুটিতে দেখা যাবে তাঁদের। এই ছবির পরিচালক নবনীত সিং। কলকাতার বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং।
