দক্ষিণী ছবির দাপটে কোণঠাসা হয় বলিউড থেকে টলিউড, এ কথা বললে অত্যুক্তি হবে না। কিন্তু, অনেকসময় দর্শককে হলমুখী করতে গিয়ে অতিরঞ্জিত বিনোদনের দোষে দুষ্ট হয় দক্ষিণী সিনেদুনিয়া। এই মুহূর্তে ঠিক সেই কারণেই সমালোচিত 'পেড্ডি'। বিগ বাজেটের এই ছবি শুধুই শরীর কেন্দ্রীক! জাহ্নবী কাপুরের শরীরের সংবেদনশীল অংশে ক্যামেরার ফোকাসে বিরক্ত দর্শক। ছবিতে একজন মহিলাকে 'পণ্য' হিসেবে প্রতিস্থাপনের অভিযোগে সরগরম নেটভুবন। জাহ্নবীর বক্ষবিভাজিকা থেকে সৌষ্ঠব কোমর এমনভাবে পরিবেশন করা হয়েছে যা দেখে ক্ষোভে ফুঁসছে হলমুখী দর্শক।
বিতর্কের মাঝে এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন সিনেমার পরিচালক। তিনি অবশ্য বলেছেন মহিলাদের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা। তাই নারীজাতিকে অসম্মান করা তাঁর উদ্দেশ্য নয়। কিন্তু, জাহ্নবীর ব্যক্তিগত চ্যাট ফাঁস হতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। যাকে ঘিরে বিতর্ক, যাঁর সমর্থনে সকলে আওয়াজ তুলছেন তিনি অর্থাৎ জাহ্নবী কেন প্রতিক্রিয়াহীন? অবশেষে জানা গেল, জাহ্নবী নিজেও শরীর প্রদর্শনের বিপক্ষে ছিলেন। স্তন বা কোমরকে যেন কোনওভাবেই হাইলাইট না করা হয় সেবিষয়ে বারবার সতর্ক করেছিলেন। সহ অভিনেতা রামচরণও তাঁকে সমর্থন করেছিলেন।
কিন্তু, শেষ পর্যন্ত কাপুর তনয়ার কথার খেলাপ করা হয়। সম্প্রতি ফ্যানক্লাবের সঙ্গে কথোপকথনের সময়ই ফাঁস হয়ে যায় ক্যামেরার পিছনের এই কঠিন বাস্তব। ক্যামেরায় যেভাবে জাহ্নবী কাপুরকে লেন্সবন্দি করা হয়েছে তা নিয়ে যথেষ্ট অসন্তোষ ফুটে উঠেছে সেই চ্যাটের কথোপকথনে। চরিত্রের তুলনায় অতিরিক্ত শরীর প্রদর্শনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি অভিনেত্রীর।
প্রসঙ্গত, 'গেম চেঞ্জার' ছবিতেও বলি ডিভা কিয়ারা আডবাণীর বিকিনি লুককেও অশ্লীলভাবে প্রদর্শন করা হয়েছিল। অভিনেত্রী সেই দৃশ্যগুলো বাদ দেওয়ারও অনুরোধ করেছিলেন। 'পেড্ডি' বিতর্কের মাঝে কিয়ারা প্রসঙ্গ উঠতেই অভিনেত্রীর সংযোজন, 'দক্ষিণের ছবির এটাই ধারাবাহিকতা। তবে রাম স্যার ভালো মনের মানুষ।' তবে কটাক্ষে বিদ্ধ জাহ্নবী এবার ক্লান্ত!
চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী, দক্ষিণী ছবিতে ভবিষ্যতে অভিনয়ের বিষয়টিও বিবেচনা সাপেক্ষ। উল্লেখ্য সংবাদ প্রতিদিন ডিজিটাল এই চ্যাটের সত্যতা যাচাই করেনি। জাহ্নবী বা তাঁর টিমের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভাইরাল চ্যাট প্রসঙ্গে কোনও বিবৃতি দেননি।
জাহ্নবীর আপশোস সেটে তাঁর মা অর্থাৎ শ্রীদেবী উপস্থিত থাকলে এমন পরিস্থিতি তৈরির সুযোগই আসত না। এক ভক্তের প্রশ্নের উত্তরে দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রসঙ্গ টেনে আপশোস করে বলেছেন, 'সেটে যদি মা থাকে তাহলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। সেই জন্যই শ্রীলীলার মা সবসময় ওঁর সঙ্গে থাকেন।' উল্লেখ্য, রূপটানশিল্পীও সোশাল মিডিয়া পোস্টে জাহ্নবীর সমর্থনে বলেছেন, এধরনের আপত্তিকর শটে বিন্দুমাত্র স্বচ্ছন্দ্য ছিলেন না রামচরণের নায়িকা।
