করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন'। দ্বিতীয় ছবি 'হাইওয়ে' থেকেই অবশ্য নিজের জাত চিনিয়েছিলেন, তবে এবার অ্যাকশন অবতারে এমন কাঁপন ধরালেন যে আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের 'আলফা মেল'রাও। হিন্দি হোক বা দক্ষিণী, সিনেদুনিয়ার পর্দায় বর্তমানে 'আলফা মেল' ট্রেন্ডের রমরমা। এমন আবহে নতুন সিনেমার ঝলকে সেই পুরুষতান্ত্রিক দাপটকে রীতিমতো ভেঙে চুরমার দিলেন আলিয়া! যা দেখে মন্ত্রমুগ্ধ খোদ শাহরুখ খান। প্রশংসা এসেছে 'বিগ বি' অমিতাভ বচ্চনের তরফেও।
কিং খানের কাছে অনুরাগীদের আবদার, 'এই ছবিতে কি আপনাকে 'পাঠান' অবতারে দেখতে পাব?' যদিও সেই উত্তর অধরা। তবে যশরাজের ট্রেন্ড অনুযায়ী, 'পাঠান', 'টাইগার' হোক বা 'ওয়ার', প্রত্যেক ছবিতেই নিজস্ব গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য চরিত্রগুলিকে ক্যামিও অবতারে সারপ্রাইজ হিসেবে রাখা হয়। সেই প্রেক্ষিতে 'আলফা'য় শাহরুখ কিংবা সলমনকে দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়!
টিজারে 'আলফা ওম্যান' আলিয়া ভাট যেন ক্ষুধার্ত হায়না
যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’ আলিয়া ভাট যে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। সেসময়েই জানা যায় যে, এই ছবিতে ‘আলফা ওম্যান’ অবতারে শত্রুনিধন করবেন নায়িকা। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর ফের ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায়। সেকারণেই ‘আলফা’র জন্য গোপনে মারপিটের মারপ্যাঁচ শিখতে হয়েছে তাঁকে। অতঃপর অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান ‘কাপুরদের বউমা’? দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল! শাহরুখ খান বলছেন, "সাবাশ আলিয়া! একসময় মন ভেঙেছো আর এখন হাড় ভাঙছ! অভিনেত্রী হিসেবে তোমার দক্ষতা দিন দিন বাড়ছে।" পাশাপাশি ববি দেওলেরও প্রশংসা করেছেন কিং খান। যশরাজের এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে আলিয়া ভাটের বাবার ভূমিকায় দেখা যাবে ববিকে। টিজারে স্বল্প উপস্থিতিতেই উন্মাদনার পারদ চড়িয়েছেন তিনি। যা দেখে শাহরুখের মন্তব্য, "আর লর্ড ববি, খলনায়কের চরিত্রে তোমাকে দারুণ মানায়! অনেক ভালোবাসা। শিব তোমাকে আর পুরো 'আলফা' টিমকে শুভেচ্ছা।" তবে কিং খানের কাছে অনুরাগীদের আবদার, এই ছবিতে কি আপনাকে 'পাঠান অবতারে দেখতে পাব? যদিও সেই উত্তর অধরা। তবে যশরাজের ট্রেন্ড অনুযায়ী, পাঠান', 'টাইগার' হোক বা ওয়ার', প্রত্যেক ছবিতেই নিজস্ব গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য চরিত্রগুলিকে ক্যামিও অবতারে সারপ্রাইজ হিসেবে রাখা হয়। সেক্ষেত্রে 'আলফা'য় শাহরুখ কিংবা সলমনকে দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়!
আদিত্য চোপড়ার হাত ধরেই প্রথমবার গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রাখলেন আলিয়া। সঙ্গী শর্বরী ওয়াঘ। গল্পটা কীরকম? টিজারের শুরুতেই দেখা যায়, এক রেস্তরাঁয় বার্তালাপে ব্যস্ত পিতা-পুত্রী। দিনটা ‘আলফা’কন্যা আলিয়ার জন্মদিন। সেইসূত্রেই বাবর সঙ্গে বাইরে খেতে আসা। কিন্তু শিয়রে যে বড়সড় ‘মিশন’ অপেক্ষা করছে, সেটা বুঝতে পারেনি! এরপর সাবালিকা হিসেবে ১৮ বছরের জন্মদিনে বাবার কাছ থেকে আসে এক বিশেষ মিশনে যাওয়ার নির্দেশ। মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। টিজারে স্বল্প অ্যাকশন সিকোয়েন্সেই যেরকম পারদর্শীতার পরিচয় দিলেন আলিয়া ভাট, তাতে স্পষ্ট যে বড়পর্দায় ববি দেওলের পাশাপাশি স্ক্রিনজুড়ে রীতিমতো রাজত্ব করবেন তিনি। প্রতিটা অ্যাকশন দৃশ্যে আলিয়া যেন ক্ষুধার্ত হায়না! বউমার এহেন অবতার দেখে মন্ত্রমুগ্ধ খোদ নীতু কাপুর। আলিয়ার শেয়ার করা পোস্টের মন্তব্যবাক্সে একগুচ্ছ 'আগুন' ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। 'আলফা'র ঝলক দেখে অমিতাভ বচ্চনের মন্তব্য, "আমার আদরের আলিয়ার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।"
