shono
Advertisement
Mamata Banerjee

'নিজের ক্ষমতায় জায়গা তৈরি করেছেন', ভোটের মুখে 'অনুপ্রেরণা' মমতার সাক্ষাৎপ্রার্থী তাপসী পান্নু!

Taapsee Pannu: 'পুরুষতন্ত্রেও নিজস্ব ছাপ ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করে আর কী বললেন তাপসী পান্নু?
Published By: Sandipta BhanjaPosted: 03:48 PM Feb 18, 2026Updated: 04:13 PM Feb 18, 2026

সামাজিক, রাজনৈতিক কিংবা বিনোদুনিয়ার যে কোনও ইস্যুতে স্পষ্ট মতামত দিতে তাপসী পান্নুর জুড়ি মেলা ভার। অতীতে অভিনেত্রীর একাধিক মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, তিনি পদ্মশিবির বিরোধী! যদিও সম্প্রতি 'এদেশে থাকতে হবে' বলে প্রিয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নামোল্লেখ করেছেন। এবার ভোটের মুখে কলকাতায় নতুন সিনেমার প্রচার করতে এসে 'অনুপ্রেরণা' মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন তাপসী পান্নু (Taapsee Pannu)।

Advertisement

"আমরা সকলেই তো দিনের শেষে পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনও ক্ষেত্রেই হোক না কেন! তাই কেউ যদি এই পুরুষতন্ত্রে নিজস্ব ছাপ ফেলতে পারেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই মুখিয়ে থাকি।"

ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে কলকাতায় আসন্ন সিনেমা 'আস্সি'র প্রচারে এসেছেন তাপসী। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী। সিনেমার প্রচারের ফাঁকে সুযোগ পেলে কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে উচ্ছ্বসিত কণ্ঠে তাপসী পান্নুর মন্তব্য, "অবশ্যই। কেন দেখা করব না? উনি ভীষণ দৃঢ়চেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। আমি সবসময় এমন মানুষদের দ্বারা অনুপ্রাণিত হই। কারণ আমরা সকলেই তো দিনের শেষে পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনও ক্ষেত্রেই হোক না কেন! তাই কেউ যদি এই পুরুষতন্ত্রে নিজস্ব ছাপ ফেলতে পারেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই মুখিয়ে থাকি।"

দিন কয়েক আগেই 'আস্সি' ছবির প্রচারে বলিউড সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানেও রাজনীতির প্রসঙ্গ উত্থাপন হয়। তাপসীকে জিজ্ঞেস করা হয়, "আপনার প্রিয় প্রধানমন্ত্রী কে? মোদী না রাহুল গান্ধী?" তড়িৎগতিতে অভিনেত্রী জানান, নরেন্দ্র মোদীকেই পছন্দ। তবে এরপরই তিনি যা বললেন, তাতে বিনোদুনিয়ায় ফিসফাস! তাপসীর সংযোজন, "আমাকে তো এই দেশেই থাকতে হবে!" এমন উত্তরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ব্যঙ্গ করেই নরেন্দ্র মোদীর নাম নিলেন তাপসী পান্নু? এরপর দেশের দাপুটে নেত্রীদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, স্মৃতি ইরানি, মায়াবতী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কাউকে বেছে নিতে বললে তিনি সুষমা স্বরাজের নামোল্লেখ করেন। এবার নারীকেন্দ্রিক সিনেমার প্রচারে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement