প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটমুখী তামিলনাড়ুতে ঝড় তুললেন থলপতি বিজয়। আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের নবদম্পতিদের ৮ গ্রাম সোনা এবং ষাটোর্ধ্ব মহিলাদের মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন। এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দেশজুড়ে হেঁশেলে যখন হাহাকার, তখন ভোটে জিততে দারুণ 'স্ট্র্যাটেজি' সাজালেন থলপতি বিজয়। এবার নেতা-অভিনেতার প্রতিশ্রুতি, ভোটে জিতলে ছয়টি করে গ্যাসের সিলিন্ডার বিলনো হবে ঘরে ঘরে।
টিভিকে সুপ্রিমো জানিয়েছেন, ভোটে জিতলে পরিবার পিছু ছয়টি করে গ্যাস সিলিন্ডার বছরে দেওয়া হবে। দেশ জুড়ে যখন গ্যাস সংকট, তখন আমজনতার নাড়ি বুঝে ঠিক সুতোতেই টান দিয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলা, তামিলনাড়ু-সহ দেশের ৫ রাজ্যে। এবারের বিধানসভা লড়াইয়ে তামিলভূমে কোমর কষতে শুরু করেছে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মামল্লাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবেন তিনি। সেহেতু তাঁর দল যদি ক্ষমতায় আসে তবে ৬০ বছরের বেশি বয়সের মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। এছাড়া ‘অন্নপূর্ণি সুপার ৬’ নামে প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে বছরে ৬টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। যার লক্ষ্য হবে পরিবারের উপর থেকে আর্থিক বোঝা কমানো। প্রচারের ময়দানে থলপতি বিজয়ের এহেন মাস্টারস্ট্রোকই এখন চর্চায়।
অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থলপতি, ছবি: সোশাল মিডিয়া।
বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজয়। টিভিকে সুপ্রিমো জানিয়েছেন, ভোটে জিতলে পরিবার পিছু ছয়টি করে গ্যাস সিলিন্ডার বছরে দেওয়া হবে। দেশ জুড়ে যখন গ্যাস সংকট, তখন আমজনতার নাড়ি বুঝে ঠিক সুতোতেই টান দিয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এছাড়াও স্কুলছুট কমাতে ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ভালো শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রিবারগুলি যাতে নিজেদের সন্তানদের স্কুলমুখী করেন সে জন্য অভিভাবকদের দেওয়া হবে বছরে ১৫০০০ টাকা। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগও দেওয়া হবে বলে জানান থলপতি বিজয়। সবমিলিয়ে কারুর কাণ্ড ভুলে ভোটমুখী তামিলনাড়ুতে থলপতি বিজয়ের ভোটপ্রচার এখন 'হিট'।
