'ধুরন্ধর' রণবীরে যখন বুঁদ গোটা বাংলা ঠিক সেই সময়ই হরধনু হাতে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে হাজির 'রাম' রণবীর কাপুর। ২০২৬-এ মুক্তির অপেক্ষায় বহু প্রতিক্ষীত ছবি 'রামায়ণ'। সেখানেই রাম অবতারে দেখা যাবে রণবীরকে। ইতিমধ্যেই মার্কিন মুলুকের এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পিরিয়ড ড্রামার টিজার দেখানো হয়েছে। ‘রামায়ণ’-এর মেগাবাজেট ঝলক দেখে কাপুরনন্দনের প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন।
চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা কসরতেও কোনও ত্রুটি রাখেননি। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। ‘রাম’ অবতারে রণবীরকে (Ranbir Kapoor ) দেখতে মুখিয়ে ছিলেন সিনেপ্রেমীরা। অপেক্ষার অবসান ঘটিয়ে রঘুনন্দন বেশে ধরা দিলেন রণবীর কাপুর। কিন্তু, জানেন আজ থেকে প্রায় ৯২ বছর আগে কাপুর পরিবারেরই এক সদস্য ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন।
রামায়ণের প্রথম রাম রণবীরের পারিবারের সদস্য
সালটা ছিল ১৯৩৩। সেই বছর মুক্তি পেয়েছিল 'সীতা'। সেখানেই ভগবান রামের চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর। যিনি সম্পর্কে রণবীরের প্রপিতামহ। সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন দেবিকা বোস। সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দুর্গা খোটে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন গুল হামিদ ও ত্রিলোক কাপুর। ছবিটি দর্শকের দরবারে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে ১৯৩৪ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম ভারতীয় টকিজ হিসেবে সম্মানিত হয়েছিল।
প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর যেখানে প্রথম রামের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন সেখান থেকেই আরও এক ইতিহাস সৃষ্টির প্রচেষ্টায় রণবীর।
প্রথম রাম রণবীরের পারিবারের সদস্য।
প্রায় এক শতাব্দী পর ইতিহাসের পুনরাবৃত্তি। কাপুর পরিবারের ঐতিহ্যকে ফিরিয়ে আনলেন রণবীর কাপুর। প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর যেখানে প্রথম রামের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন সেখান থেকেই আরও এক ইতিহাস সৃষ্টির প্রচেষ্টায় কাপুরনন্দন। এভাবেই কাপুর পরিবারের দুই প্রজন্ম একই পৌরাণিক চরিত্রে অভিনয় করে হিন্দি ছবির ইতিহাসে এক অনন্য সংযোগ তৈরি করল।
ছবিটি দুই ভাগে মুক্তি পাবে। ২০২৬-এর দীপাবলিতে মুক্তি পাবে 'রামায়ণ'-এর প্রথম ভাগ আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে পরের বছর অর্থাৎ ২০২৭-এর দীপাবলিতে। পরিচালক নীতিশ তিওয়ারির এই পৌরাণিক ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। বারণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ, হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল।
