আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২ এপ্রিল, হনুমান জয়ন্তী উপলক্ষে 'রামায়ণ'-এর প্রথম ঝলক উন্মোচন করতে চলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা। যদিও সদ্য মার্কিন মুলুকের এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পিরিয়ড ড্রামার টিজার দেখানো হয়েছে, তবে সীমিত সংখ্যক দর্শকের জন্যেই সেই ব্যবস্থা করা হয়েছিল। ইতিমধ্যেই 'রামায়ণ'-এর মেগাবাজেট ঝলক দেখে কাপুরনন্দনের প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা। এমনকী 'রাম' অবতারে স্বামীকে দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি আলিয়া ভাটও, কিন্তু নিজের দেশ ভারতকে ব্রাত্য রেখে মার্কিন মুলুকে ঝলক উন্মোচনের বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই। আর সেই প্রেক্ষিতেই টিজার রিলিজের প্রাক্কালে চরম বিতর্কে জড়িয়েছেন রণবীর কাপুর!
রাম অবতারে রণবীর কাপুর। ছবি- সংগৃহীত
প্রথমটায় কথা ছিল, রামনবমীর দিন মুম্বইয়ের ইন্ডিয়া গেটে তাবড় নেতা-মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে 'রামায়ণ'-এর টিজার প্রকাশ্যে আনা হবে। শুধু তাই নয়, হাইভোল্টেজ ওই অনুষ্ঠানের জন্য নাকি আমন্ত্রণপত্রও বিলি করা শুরু করে দিয়েছিল প্রযোজনা সংস্থা। কিন্তু বাদ সাধে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। অশান্ত আবহেই নির্মাতারা ভারতের টিজার লঞ্চের অনুষ্ঠান স্থগিত রাখার পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়। কিন্তু এরপরই দেখা যায়, রামনবমীর আবহে মার্কিন মুলুকে এক বিশেষ অনুষ্ঠানে 'রামায়ণ'-এর ঝলক উন্মোচন করা হয়েছে। যে মঞ্চ থেকে গোটা বিশ্বের দরবারে রামের আদর্শ, মূল্যবোধ এবং তাঁর দর্শনের কথা তুলে ধরেছিলেন সুপারস্টার কাপুর। আর তাতেই চটেছেন ভারতীয়দের একাংশ।
সমালোচকদের দাবি, 'ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?' কেউ বা আবার রণবীর-নীতেশের বিরুদ্ধে 'ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে'র অভিযোগ তুলেছেন। কারও বা মন্তব্য, 'বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা!' এহেন নানা বাক্যবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন।
সমালোচকদের দাবি, 'ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?' কেউ বা আবার রণবীর-নীতেশের বিরুদ্ধে 'ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানে'র অভিযোগ তুলেছেন। কারও বা প্রশ্ন, 'রামায়ণ-এর টিজার লঞ্চের জন্য ভারতকে ব্রাত্য রেখে কেন আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া হল?' কারও বা মন্তব্য, 'বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা!' এহেন নানা বাক্যবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন।
আসলে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি এইসময়ে ব্যায়ামাগারে নিয়ম করে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়েও যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। আর সেই প্রেক্ষিতেই রণবীরকে ‘রাম’ অবতারে দেখার জন্য প্রায় চাতক পাখির দশা হয়েছে দর্শক, অনুরাগীদের। তাই ভারতের আগে আমেরিকায় টিজার লঞ্চের জন্য আপাতত বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে টিম 'রামায়ণ'কে।
