shono
Advertisement
Bangladesh Test Team

পাকিস্তানকে চুনকাম করে ইতিহাস, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকেও টপকে গেল বাংলাদেশ

বছর দুয়েক আগে পাকিস্তানে গিয়ে তাদেরকে হারিয়ে এসেছিল বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে জয়ের পর সিলেটেও জয় পেলেন নাজমুল হোসেন শান্তরা। বৃষ্টিও বাঁচাতে পারল না পাকিস্তানকে।
Published By: Arpan DasPosted: 12:20 PM May 20, 2026Updated: 02:03 PM May 20, 2026

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট (Bangladesh Test Team) আধিপত্য অব্যাহত। এবার নিজেদের দেশেই পাকিস্তানকে টেস্টে চুনকাম করল 'টাইগার'রা। ঢাকার পর হাসতে হাসতে সিলেট টেস্ট ৭৮ রানে জিতে নিল বাংলাদেশ। এর আগে পাকিস্তানে গিয়ে তাদের চুনকাম করে এসেছিল। এবার পদ্মাপারেও একই কাণ্ড। আর এই সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেল বাংলাদেশ।

Advertisement

ঢাকায় প্রথম টেস্ট বাংলাদেশ জেতে ১০৪ রানে। এবার সিলেটে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ‘টাইগার’রা করে ২৭৮ রান। জবাবে পাকিস্তান করে ২৩২ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৩৯০ রান। মুশফিকুর একাই করেন ১৩৭ রান। পাকিস্তানের জন্য লক্ষ্য ৪৩৭ রান। দু'দিন ধরে মাটিতে পড়ে থেকে শান মাসুদের দল এই রান তাড়া করবে, এটা ভাবাও অসম্ভব ছিল। চতুর্থ দিনেই সাত উইকেট পড়ে যায় পাকিস্তানের।

পঞ্চম দিনে পাকিস্তানের হাতে ছিল দু'টো অস্ত্র- মহম্মদ রিজওয়ান ও বৃষ্টি। দু'জনেই পাক বাহিনীর লজ্জা বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। রিজওয়ান ৯৪ রান করেন। ৭১ রানে সঙ্গ দেন সলমন আলি আঘা। তার আগে অধিনায়ক মাসুদও ৭১ রান করেন। প্রথম ইনিংসে ৬৮-র পর এই ইনিংসে বাবর আজমের সংগ্রহ ৪৭। অন্যদিকে বৃষ্টির জন্য বেশ অনেকক্ষণ বন্ধ ছিল। কিন্তু তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে বাঁচার উপায় ছিল না পাকিস্তানের। ১২০ রান দিয়ে ৬ উইকেট পকেটে ভরেন তিনি। নাজমুল হোসেন শান্তরা জেতেন ৭৮ রান।

২০২৪ সালে পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এবার নিজেদের দেশেও ব্যবধান ২-০। এই প্রথমবার বাংলাদেশ টানা ৪টি টেস্ট জিতল। আর তার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাঙ্কিংয়ে ভারতকে ছাপিয়ে পঞ্চম স্থানে উঠে এল। ৪ টেস্টে তাদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। সেখানে ষষ্ঠ স্থানে থাকা ভারতের ৯ ম্যাচে পয়েন্ট ৪৮.১৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement