ক্রিকেট এবং বলিউডের প্রেম। আখ্যান পুরনো। তালিকা দীর্ঘ। বাইশ গজের সঙ্গে বিনোদনজগতের তারকাদের মধুর দাম্পত্যের তালিকায় শর্মিলা-মনসুর আলি খান পতৌদি, বিরাট-অনুষ্কা থেকে শুরু করে হরভজন-গীতা বসরা, কেএল রাহুল-আথিয়া শেট্টি-সহ আরও অনেকেই রয়েছেন। তবে ব্রেট লি এবং প্রীতি জিন্টাকে এই তালিকায় রাখা যাবে না। সে একসময় তাঁদের প্রেম নিয়ে যতই আলোচনা হোক, ব্রেট লি আরও একবার জানিয়ে দিলেন, প্রীতির সঙ্গে কোনও কালেই প্রেমের সম্পর্ক ছিল না তাঁর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতির সঙ্গে প্রেম নিয়ে মুখ খোলেন অজি ক্রিকেটার। তিনি বলেন, "আমি কখনওই কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। এটাই সত্য। প্রীতি জিন্টা তখনও যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। তখন তিনি পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী, তাঁকে অনেক শ্রদ্ধা করি।" ব্রেট লি-র সাফ কথা, এই ধরনের গুঞ্জন যতই ছাড়াক তাতে কোনওকালেই তিনি বিরক্ত হননি। এসব গুঞ্জনে কোনওকালেই তিনি গুরুত্ব দেন না।
ফাইল ছবি।
বস্তুত, ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আইপিএলে প্রীতির পাঞ্জাবের হয়ে খেলেছেন ব্রেট লি। সেসময় প্রীতির সঙ্গে লি-র ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। এক রেস্তরাঁয় তাঁদের একান্তে সময় কাটাতেও দেখা যায়। সেখান থেকেই দুই তারকার প্রেমের গুঞ্জন। যদিও দু'জনেই বরাবর দাবি করে গিয়েছেন, তাঁরা শুধুই বন্ধু। অতীতে প্রীতিও ব্রেট লির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়েছেন। এবার লি নিজেও একইভাবে জল্পনা ওড়ালেন।
উল্লেখ্য, ব্রেট লি এবং প্রীতি দু'জনেই বিবাহিত। লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। তবে দু'বছর পর আলাদা হয়ে যান তাঁরা। ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন অজি পেসার। বর্তমানে তাদের দু'টি সন্তান রয়েছে। প্রীতি জিন্টা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জেন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন এই দম্পতি।
