shono
Advertisement
Ravindra Jadeja

কামব্যাক ম্যাচে নামার আগে আরও শক্তিশালী জাদেজা, প্রাক্তন সতীর্থকে সার্টিফিকেট পূজারার

জাতীয় দলের জার্সিতে জাদেজাকে শেষবার দেখা গিয়েছিল জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর আইপিএল খেলেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:16 PM Aug 05, 2026Updated: 12:16 PM Aug 05, 2026

তাঁরা দু'জনেই সৌরাষ্ট্রের। একজন, ধ্রুপদী ব্যাটার। দ্বিতীয় জন, অলরাউন্ডার। দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলে খেলেছেন। চেতেশ্বর পূজারা ভারতীয় জার্সি থেকে অবসর নিয়ে ফেললেও, রবীন্দ্র জাদেজা এখনও খেলছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে ফিরে এসেছেন যিনি। লিখে দেওয়া যায়, শ্রীলঙ্কার মাটিতে ভারতকে জিততে গেলে, জাদেজার ঘূর্ণির উপর অনেকটাই নির্ভর করতে হবে।

Advertisement

খেলা ছেড়ে দিলেও একটা বিষয় লক্ষ্য করেছেন পূজারা। তাঁর মতে, জাদেজা নিজের বোলিংকে আগের চেয়ে অনেক বেশি কার্যকর করে তুলেছেন। মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রাক্কালে এক অনুষ্ঠানে পূজারা বলে দেন, "আগে জাদেজা যখন বল করত, ওর টার্গেট থাকত বেশি রান না দেওয়া। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। যদি বুঝত, পিচে টার্ন রয়েছে, তখন জাদেজা উইকেট নেওয়ার দিকে যেত। কিন্তু এখন ওর বোলিং নিয়ে মানসিকতা সম্পূর্ণ বদলে গিয়েছে। জাদেজা এখন অনেক বেশি করে উইকেট তোলার দিকে ঝুঁকেছে।"

জাতীয় দলের জার্সিতে জাদেজাকে শেষবার দেখা গিয়েছিল জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর আইপিএল খেলেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। মেগা টুর্নামেন্ট শেষ হতেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে খেলেছিল ভারত। সেই স্কোয়াডে জাদেজার জায়গা হয়নি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। সেই দলেও জাদেজা ছিলেন না। ফলে ওয়ানডে কেরিয়ার প্রায় শেষ জাদেজার, এমনটা ধরে নেওয়া যায়।

যদিও টেস্টে এখনও ভারতীয় দলের ভরসা জাদেজা। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তিনি টিম ইন্ডিয়ার বড় অস্ত্র হতে পারেন বলে মনে করছেন অনেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই সিরিজ জিততেই হবে ভারতকে। সেখানে খেলতে নামার আগে জাদেজার বোলিং আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন পূজারা। আগামী ১৫ আগস্ট থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট হবে গলে। দ্বিতীয় টেস্ট, ২৩ আগস্ট থেকে, কলম্বোয়। ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement