shono
Advertisement

আগামী বছর আইপিএল-এ ফের ‘ক্যাপ্টেন’ধোনি!

আগামী বছর নতুন রূপে ধরা দেবে আইপিএল। The post আগামী বছর আইপিএল-এ ফের ‘ক্যাপ্টেন’ ধোনি! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:46 PM Apr 14, 2017Updated: 06:13 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় সাক্ষী ধোনির একটি ছবি ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছিল। স্বামী মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এ আপাতত পুণে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। কিন্তু তিনি ছবি দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস দলের হেলমেট মাথায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এর মধ্যে দিয়েই কি নতুন কোনও ইঙ্গিত দিচ্ছেন মাহির বেটার-হাফ? এবার হয়তো সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে। কারণ আগামী মরশুমে ফের আইপিএল-এর সঙ্গে যুক্ত হতে চলেছে চেন্নাই এবং রাজস্থান দল। আর নতুন করে তৈরি হওয়া সেই চেন্নাই দলেই হয়তো ফের ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাবে ধোনিকে।

Advertisement

[”টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ধোনি আর উপযুক্ত নয়”]

আইপিএল দশম সংস্করণ শুরুর মাত্র ক’দিন আগে পুণে সুপারজায়ান্টস দলের নেতার পদ খুইয়েছিলেন ধোনি। তাঁর পরিবর্তে বেছে নেওয়া হয়েছিল অজি তারকা স্টিভ স্মিথকে। আবার চলতি টুর্নামেন্টে ধোনির পারফরম্যান্স দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ধোনি আর উপযুক্ত নয়’। কিন্তু একটি দল যে মাহির উপর আস্থা হারায়নি, তা স্পষ্ট। চেন্নাইকে দু’বার চ্যাম্পিয়ন করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। আর তাই আইপিএল-এ প্রত্যাবর্তনের পর তাঁকেই নেতা হিসেবে চাইছে চেন্নাই। এখনও পর্যন্ত অন্তত এমনটাই জানা যাচ্ছে।

[ঘরের মাঠে দুরন্ত জয় নাইটদের, ধরাশায়ী পাঞ্জাব]

গড়াপেটায় নাম জড়ানোয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল দুই দল চেন্নাই এবং রাজস্থানকে। আজীবন নির্বাসিত হয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তাদের জায়গায় জন্ম নেয় পুণে ও গুজরাট দল। সাজা কাটিয়ে আগামী মরশুমে ফিরতে চলেছে দুই দল। শোনা যাচ্ছে, জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের স্বাগত জানাবে বিসিসিআই। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, চলতি টুর্নামেন্ট শেষ হলেই নিজের পুরনো দলে যোগ দেবেন ধোনি। এদিকে, নতুন কোনও মালিকের হাত ধরে কামব্যাক করবে রাজস্থান। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে আর সেখানে দেখা যাবে না। সব মিলিয়ে আগামী বছর নতুন রূপে ধরা দেবে আইপিএল।

The post আগামী বছর আইপিএল-এ ফের ‘ক্যাপ্টেন’ ধোনি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement