পাকিস্তান সুপার লিগ, নাকি পাকিস্তান 'সার্কাস' লিগ? পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে চলছে, তাতে হাসি থামছে না নেটিজেনদের। লিগ মাঝপথে ফেলে দেশে ফিরলেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের পর মাঠের মধ্যেই 'ঝামেলায়' জড়ালেন দুই ক্রিকেটার। আর সব শেষে বৃষ্টির জন্য থমকে গেল ম্যাচের পরবর্তী অনুষ্ঠান। সেখানে ছাতা নিয়ে টানাটানি ক্রিকেটারদের।
বৃহস্পতিবার পিএসএলে ম্যাচ ছিল করাচি কিংস বনাম পিণ্ডিজের। প্রথমে ব্যাট করে মহম্মদ রিজওয়ানের দল পিণ্ডিজ ১৯৭ রান করে। জবাবে ৫ উইকেট হাতে নিয়ে করাচি ম্যাচ জিতে নেয়। কিন্তু ম্যাচের পর 'ঝামেলায়' জড়ালেন ওয়ার্নার ও মইন আলি। দু'জনেই করাচির হয়ে খেলেন। ম্যাচের পর দেখা যায়, মইনের সঙ্গে বেশ উত্তেজিত স্বরে কথা বলছেন ওয়ার্নার। পরিস্থিতি সামলাতে টিম ডিরেক্টর হায়দার আজহার ওয়ার্নারকে দূরে সরিয়ে নিয়ে যান।
তবে তাঁদের মধ্যে 'ঝামেলা' হয়েছে, তা মানতে নারাজ হায়দার। তাঁর বক্তব্য, 'কোনও ঝামেলা হয়নি। আমাকে নিয়ে ওরা মজা করছিল।' তারপর ওয়ার্নারও লেখেন, 'আমি হায়দারকে বলি, যাও গিয়ে হাত মেলাও।' কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার পরপরই অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছেন ওয়ার্নার। তাহলে কি ঝামেলার জল্পনাই সত্যি? যদিও বলা হচ্ছে, যেহেতু এরপর করাচির ম্যাচ অনেকদিন পর, তাই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি। কিন্তু এভাবে টুর্নামেন্টের মাঝপথে চলে যাওয়াটা কি ঠিক? অনেকে সেই প্রশ্ন তুলছেন।
অন্যদিকে করাচির ম্যাচের পর এক হাস্যকর ঘটনার সাক্ষী রইল ক্রিকেটদুনিয়া। আচমকা বৃষ্টির জন্য ম্যাচের পরের অনুষ্ঠান বিঘ্নিত হয়। সেই সময় দ্রুত ছাতার ব্যবস্থা করা হয়। সঞ্চালিকা একটি ছাতা পান। কিন্তু পাক ক্রিকেটার আজম খান ও প্রাক্তন ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েটের জন্য মাত্র একটি ছাতারই ব্যবস্থা করা যায়। ব্রেথওয়েট আজমের দিকে ছাতা এগিয়ে দেন। কিন্তু নেটিজেনদের প্রশ্ন, আরেকটা ছাতার ব্যবস্থা করা গেল না?
