পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখেছিলেন ২১ জন প্রাক্তন অধিনায়ক। দীর্ঘ কারাবাসে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এখন কেমন আছেন ১৯৯২ সালের বিশ্বজয়ী অধিনায়ক? বড়সড় আপডেট দিলেন প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে ৭৩ বছরের ইমরানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও ফের তাঁকে জেল ফেরানো হয়েছে। এরপরেই কিংবদন্তি পাক অধিনায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সমসাময়িক বিশ্বে ক্রিকেটে তাঁর সতীর্থরা। ইমরানের (Imran Khan) যথাযথ চিকিৎসার অনুরোধ জানিয়ে ২৩ আগস্ট প্রাক্তন ক্রিকেটাররা চিঠি পাঠিয়েছেন শাহবাজ শরিফকে। 'স্কাই স্পোর্টস'-এর 'স্টিক টু ক্রিকেট' পডকাস্টে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ডেভিড লয়েড ও অ্যালেস্টার কুক ইমরানের শারীরিক অবস্থা নিয়ে রামিজের কাছে জানতে চান।
উত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বলেন, "তাঁকে একেবারে একা করে রাখা হয়েছে। ওঁর প্রচুর সমর্থক রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তিন বছর ধরে কারাগারে রয়েছেন। সময়টা ওঁর জন্য খুবই কঠিন।" ইমরানের চোখের সমস্যা প্রসঙ্গে রামিজ বলেন, "মাত্র এক সপ্তাহ আগে ওঁর চোখে কিছু সমস্যা হয়েছিল। মনে হচ্ছে, সেটা এখন ঠিক হয়ে গিয়েছে। তবে অন্য দিক থেকে উনি পরিস্থিতি সামলে নিচ্ছেন। আমরা সবাই জানি, ওঁর মানসিক দৃঢ়তা কতটা।"
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে সুনীল গাভাসকর, কপিল দেবরা লিখেছিলেন, “প্রিয় প্রধানমন্ত্রী, ছ’মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে চিঠি লিখে ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং শারীরিক যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রাজনীতিবিদ হিসাবে নয়, প্রাক্তন সতীর্থ হিসাবেই আমরা চিঠি লিখেছিলাম। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই যা দু’দেশকে ভাগ করতে পারে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রাক্তন আরও কিছু অধিনায়ককে নিয়ে আমরা আবার চিঠি লিখছি।”
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ী পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরানের খানের পাশে দাঁড়িয়ে এই চিঠিতে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, লি জারমন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, অর্জুনা রণতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, স্টিফেন ওয়াহ, জন রাইট। ভারতের দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব এবং সুনীল গাভাসকর। এবার ইমরানের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রামিজ রাজা।
