টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার। কিন্তু তিন ম্যাচ ব্যর্থ হতেই বসিয়ে দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। এমন নয় যে, তাতে ভারত জয় পাচ্ছে। কিন্তু কেন বসিয়ে দেওয়া হল সঞ্জুকে? সেটা কি শুধু বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়ার জন্য? নাকি নেপথ্যে অন্য কারণ? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পর মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন ম্যাচে সঞ্জু করেছিলেন ৯৭*, ৮৯, ৮৯। তারপর গত তিন ম্যাচে রান ৫, ০, ১। দলের অনেক প্লেয়ারই রান পাচ্ছেন না। কিন্তু কোপ পড়ল সঞ্জুর উপরই। কোন যুক্তিতে? সেটা প্রকাশ্যে বলতে রাজি নন গম্ভীর। তাঁর বক্তব্য, "সঞ্জুকে যেটা বলার ছিল, সেটা আমি ওকে বলে দিয়েছি। সেই কথাবার্তা কোচ আর ক্রিকেটারের মধ্যেই থাকবে। বিশ্বকাপে সঞ্জু ভারতের জন্য যা করেছে তা অসাধারণ। কিন্তু কখনও কখনও খেলোয়াড়ের ফর্মের দিকেও নজর দিতে হয়।”
তাহলে কি ইংল্যান্ড সিরিজে আর সুযোগই পাবেন না সঞ্জু? সেটাও স্পষ্ট করে বললেন না গম্ভীর। তিনি বলছেন, "গা-জোয়ারি কোনও নিয়ম নেই। ও পরে এই সিরিজে কামব্যাক করতেই পারে। আন্তর্জাতিক ক্রিকেটের আসল কথা হল ফলাফল। যে কম্বিনেশন ভালো ফলাফল দেবে, সেই কম্বিনেশন খেলবে। আমি বরাবরই এটা বিশ্বাস করি যে প্রত্যেককে নিজের জায়গা অর্জন করতে হয়। ভারতের হয়ে খেলার অধিকার প্রত্যেককেই অর্জন করতে হয়।"
সেই হিসেবে গম্ভীরের ফলাফলও গত পাঁচ ম্যাচে ভালো নয়। সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন করা হলে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কথা তুলে ধরেন। তাঁর যুক্তি, "আমরা ভালো খেলেনি। তার মানে তো এই নয় যে, চার ম্যাচে একটা দল খারাপ হয়ে যায়।"
