ফের আরও একটা এশিয়া কাপ। গতবছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়াসেরা হয়েছিল টিম ইন্ডিয়া। এবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবার প্রশ্ন হল, শুভমান গিলরা কি পদ্মাপারে টুর্নামেন্ট খেলতে যাবে? নাকি টুর্নামেন্ট সরে যাবে বাংলাদেশ থেকে?
২০২৫-এ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। আগামী বছর হবে ওয়ানডে ফরম্যাটে। আসলে যে বছর যে ফরম্যাটের বিশ্বকাপ থাকে, তার আগে সেই ফরম্যাটের এশিয়া কাপ হয়। ২০২৭-এর এশিয়া কাপ চলতে পারে ১৮ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে। অংশগ্রহণ করবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও একটি সহযোগী দেশ। মোট ম্যাচ হতে পারে ১৩টি।
কিন্তু সমস্যা অন্য জায়গায়। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। বরং আয়োজক পাকিস্তানের বদলে গুরুত্বপূর্ণ ম্যাচ করতে হয়েছে আমিরশাহীতে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের। বিগত মহম্মদ ইউনুস সরকারের আমল থেকে শুরু হওয়া প্রতিবেশী দেশে ভারত-বিদ্বেষের ঢেউ এখনও চলছে। এই অবস্থায় বাংলাদেশে প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে পদ্মাপারে এশিয়া কাপ খেলতে যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
যদিও তারেক রহমানের সরকার আসার পর ক্রিকেটীয় সম্পর্ক ভালো করার চেষ্টা করা হয়েছে। একাধিকবার ইতিবাচক বার্তা দিয়েছেন বোর্ড প্রধান তামিম ইকবাল। তবে এখনও পর্যন্ত বিসিসিআই বা ভারত সরকারের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। তাই রোহিত শর্মা-বিরাট কোহলিরা আদৌ বাংলাদেশে যাবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে।
