shono
Advertisement
Glenn Maxwell

শেষ ম্যাক্সওয়েল অধ্যায়! তারকা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলল অস্ট্রেলিয়া

২১ জনের প্লেয়ারদের তালিকায় জায়গা পাননি ম্যাক্সি। কিন্তু কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটল ক্রিকেট অস্ট্রেলিয়া? 
Published By: Prasenjit DuttaPosted: 03:16 PM Apr 01, 2026Updated: 03:32 PM Apr 01, 2026

গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ছাড়াই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেবল ম্যাক্সি নন, বাদ পড়েছেন তিন ফরম্যাটে খেলা ঝাই রিচার্ডসন। স্যাম কনস্টাসেরও নাম নেই। ২১ জনের প্লেয়ারদের তালিকায় জায়গা পাননি তাঁরা। প্রথমবারের মতো চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার ব্রেন্ডন ডগেট। 

Advertisement

কিন্তু কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটল ক্রিকেট অস্ট্রেলিয়া? আগস্ট থেকে ২০টি টেস্ট খেলবে অজিরা। তাই টেস্ট বিশেষজ্ঞদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। সেই কারণে ২১ জনের খেলোয়াড়দের তালিকায় জায়গা পাননি ম্যাক্সওয়েল। সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ভালো সময় যাচ্ছিল না তাঁর। তাছাড়াও ২০২৫ সালের জুনে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। ২০১৭ সাল থেকে কোনও টেস্ট খেলেননি। এখন কেবল একটি ফরম্যাটেই খেলেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর ফর্ম আহামরি ছিল না। সব মিলিয়ে ম্যাক্সির ফর্ম নিয়ে কার্যত অসন্তুষ্ট হয়েই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এরপর খুব স্বাভাবিকভাবেই অজি অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। নতুন চুক্তি তালিকা থেকে বাদ পড়ায় তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার নিয়েও জল্পনা তুঙ্গে। অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত সূচি। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ভারতের মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০তম বার্ষিকী টেস্ট, অ্যাশেজ - সব মিলিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে অজি দল।

এই পরিস্থিতিতে ৩১ বছরের ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে চুক্তিতে রাখা হয়েছে। অথচ অ্যাশেজে তাঁর পারফরম্যান্স এমন কিছু ছিল না। ২২.৩৩ গড়ে করেছিলেন ২০১ রান। তা সত্ত্বেও টেস্ট দলে তাঁর উপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, অ্যাশেজে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন মাইকেল নেসার। তার পুরস্কার হিসাবে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে তাঁর নাম। ভারত সফরে পাঁচটি টেস্ট ম্যাচ মাথায় রেখে তরুণ স্পিনার টড মার্ফিকেও চুক্তিতে রাখা হয়েছে। গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ম্যাট শর্ট।

কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত ক্রিকেটাররা
জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশানে, নাথান লিওন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement