রবিবাসরীয় ওয়াংখেড়েতে দু’ইনিংস মিলিয়ে উঠেছিল মোট ৪৪৪ রান। সেখানে নিজের চার ওভারে মাত্র ৩৫ রান দেন বুমরাহ (Jasprit Bumrah)। দু’দল মিলিয়ে বল করা এক ডজন বোলারের মধ্যে তাঁর ইকোনমি রেটই সবথেকে ভালো। অর্থাৎ বলাই যায়, এত হাই স্কোরিং ম্যাচে তাঁর স্পেল অনেকটাই পার্থক্য গড়ে দিয়েছে। তবে এর মধ্যেই ভাইরাল এক ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়ালেন বুমরাহ।
ঠিক কী হয়েছে? ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, তারকা পেসার বুমরাহ মাটিতে 'ইন্ডিয়ান্স' শব্দটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এই দৃশ্য নজরে আসতেই এক সমর্থক সোশাল মিডিয়ায় অদ্ভুত আর্জি জানালেন। তিনি ওই ভিডিও শেয়ার করে লেখেন, 'কেবল এমআই লিখলেই তো হয়। এতে করে এমন অস্বস্তিকর পরিস্থিতি আর তৈরি হবে না। দয়া করে বিষয়টি খতিয়ে দেখুন।' সঙ্গে তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে ট্যাগও করেছেন। অর্থাৎ ওই ভক্তের আপত্তি, মাটিতে 'ইন্ডিয়ান্স' শব্দ লেখা নিয়ে। কারণ শব্দটির সঙ্গে জড়িয়ে জাতীয়তা।
এমন মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। একজনের মন্তব্য, 'এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তবে আইডিয়াটা কিন্তু মন্দ নয়।' অনেকেই বলছেন, 'দলের উচিত মাটিতে এমন শব্দ লেখা পরিহার করা।' কেউ আবার মজা করে লেখেন, 'বুমরাহ তো ভালো বোলিং করছেন। ম্যাচ জেতাচ্ছেন। শব্দের ওপর হাঁটলে সমস্যা কোথায়!' অন্য এক ইউজারের কথায়, 'ক্রিকেটের চেয়ে এসব নিয়েই বেশি আলোচনা হচ্ছে এখন।' আরেকজন বলছেন, 'আরে ভাই, শান্ত হও। এটা কোনও বড় ব্যাপার না।'
ওই সমর্থকের যুক্তি, কেবল এমআই লিখলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্কও এড়ানো সম্ভব। অনেকে বিষয়টি নিছক মজার প্রস্তাব হিসাবে দেখলেও কেউ কেউ তা গুরুত্ব দিয়ে ভাবার কথাও বলছেন। আইপিএলের খুঁটিনাটি বিষয়ও যে নজরে রাখেন দর্শক-সমর্থকরা, তা প্রমাণিত হল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, মুম্বইয়ের পরবর্তী ম্যাচ ৪ এপ্রিল, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
