আইপিএলের ‘এল ক্লাসিকো’র প্রথম পর্ব খুব একটা ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের কাছে ১০৩ রানে হারতে হয়েছে, যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। তবে শনিবাসরীয় সন্ধ্যায় চিপকে নামার আগে মুম্বই যে খুব একটা বদলা নেওয়ার মতো জায়গায় আছে, তা বলা যাচ্ছে না। আবার সিএসকে-র হয়ে বাজি ধরার মতো পরিস্থিতিও নেই। তবে একটা বিষয় কার্যত নিশ্চিত। দুই পাঁচতারা দলের সেরা তারকা– সিএসকের মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বইয়ের রোহিত শর্মা শনিবারও সম্ভবত মাঠে ফিরছেন না।
শুক্রবার চিপকে একই সময়ে অনুশীলনে নেমেছিল মুম্বই আর সিএসকে। নেটে যাওয়ার আগে ধোনির সঙ্গে সাক্ষাৎ করলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। সিএসকে পেসার আকাশ মাধোয়াল আবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলেন রোহিত। সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই দেখাচ্ছিল দু’দলকে। কিন্তু পয়েন্ট টেবলে তাদের অবস্থা বিশেষ স্বস্তির নয়। সিএসকে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ছ’নম্বরে। মুম্বইয়ের অবস্থা আরও খারাপ। সমসংখ্যক ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ন’নম্বরে রয়েছে তারা। ফলে দু’পক্ষের কাছে বাকি থাকা সব ম্যাচই বেঁচে থাকার লড়াই। তা ছাপিয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রোহিত-ধোনির প্রত্যাবর্তনের ইস্যু। মরশুমের শুরু থেকে কাফ মাসলের চোটে মাঠের বাইরে মাহি। সিএসকে-র ব্যাটিং কোচ মাইক হাসি এদিন শুনিয়ে দিয়েছেন, “এমএস হয়তো দ্রুতই ফিরবে। আপাতত ও দৌড়ানোর উপর জোর দিচ্ছে। মনে হচ্ছে, সেটা নিয়ে ও একটু অস্বস্তিতে আছে। তাছাড়া ব্যাটিং বা উইকেটকিপিং নিয়ে চিন্তার কিছু নেই।” রোহিত আবার শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেলে মাঠের বাইরে চলে যান। তাঁকে নিয়ে মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনের বার্তা, “রোহিত অনেকটা উন্নতি করেছে। ফিট হওয়ার জন্য ও পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আজও প্র্যাকটিস করেছে। তবে পুরোটাই এখন মেডিকেল টিমের সিদ্ধান্ত। ওদের সঙ্গে কথা বলে কাল রোহিতের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” অনুশীলনের ফাঁকে এদিন খোশমেজাজে আড্ডা মারতে দেখা গেল ধোনি-রোহিতকে। সঞ্জু স্যামসন আবার হাত মেলালেন সূর্যকুমার যাদবের সঙ্গে।
এমএস হয়তো দ্রুতই ফিরবে। আপাতত ও দৌড়ানোর উপর জোর দিচ্ছে। মনে হচ্ছে, সেটা নিয়ে ও একটু অস্বস্তিতে আছে। তাছাড়া ব্যাটিং বা উইকেটকিপিং নিয়ে চিন্তার কিছু নেই।
আইপিএলের অন্যতম সেরা স্কোয়াড নিয়েও সাফল্য পাচ্ছে না মুম্বই। কোচ জয়বর্ধনে মনে করছেন, ধারাবাহিকতার অভাবেই ডুবছে দল। তারকাখচিত দলের প্রত্যাশার চাপ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “চাপ তো আছেই। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে। মাঝে মাঝে কিছু সময় দল ভালো খেলছে। কিন্তু সেই পারফরম্যান্স ধরে রাখা যাচ্ছে না। সেটাই আমাদের ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। সবাই মিলে এই পরিস্থিতি থেকে দলকে বের করতে হবে। সবাই জিততে চায়। জেতার জন্য নিজেদের সেরাটা দেওয়ার ক্ষেত্রেও সবাই বদ্ধপরিকর। কিছু চোট সমস্যার জন্য বারবার দলে পরিবর্তন করতেও হয়েছে। অন্যান্য বছর আমরা সর্বোচ্চ ১৫-১৬ জন প্লেয়ার ব্যবহার করি। এবার সেই সংখ্যাটা বেড়েছে। সেটাও একটা চ্যালেঞ্জ। তবে আমাদের ধারাবাহিক হতে হবে।” বিশেষত সূর্যকুমারের অফ ফর্ম চাপ বাড়াচ্ছে মিডল অর্ডারে। যদিও জয়বর্ধনের বার্তা, “প্র্যাকটিসে সূর্য ভালো খেলছে। ম্যাচেও ভালো শট আসছে ওর ব্যাট থেকে। তবে দুর্ভাগ্যজনকভাবে বারবার আউট হচ্ছে। কয়েকবার তো বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরেছে। তবে আমরা ওর উপর ভরসা করছি। শেষ কয়েকটা বছর ওর দুর্দান্ত গিয়েছে। সেটা ভুললে চলবে না। বিশেষত গত মরশুমটা। ও জানে টি-টোয়েন্টি ব্যাটিং কীভাবে করতে হয়।”
রোহিত অনেকটা উন্নতি করেছে। ফিট হওয়ার জন্য ও পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আজও প্র্যাকটিস করেছে। তবে পুরোটাই এখন মেডিকেল টিমের সিদ্ধান্ত।
রোহিত না খেললেও দলের সঙ্গে মাঠে উপস্থিত থাকছেন। তবে অনুশীলনে নিয়মিত এলেও ম্যাচে দেখা যাচ্ছে না ধোনিকে। যা নিয়ে হাসির ব্যাখ্যা, “এমএস মনে করছে, মাঠে থাকলে প্রচারের আলো ওর উপর পড়বে। সেটা দলের জন্য সমস্যা তৈরি করতে পারে। সেজন্য ম্যাচের দিন মাঠে আসছে না। ও কাফ মাসল নিয়ে চূড়ান্ত সন্তুষ্ট না হয়ে নামবে না। আমরাও ওর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয়, পুরো চেন্নাই ওর জন্য অপেক্ষা করছে।”
আজ আইপিএলে
চেন্নাই সুপার কিংস
বনাম মুম্বই ইন্ডিয়ান্স
সন্ধ্যা ৭.৩০, চিপক, স্টার স্পোর্টস
