shono
Advertisement

Breaking News

Delhi Capitals

আইপিএল খেলবেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, ডাকেটের পরিবর্ত ঘোষণা দিল্লির

আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ইংরেজ তারকা বেন ডাকেট। এতদিন তাঁর পরিবর্তে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। অবশেষে সেই অপেক্ষার অবসান।
Published By: Prasenjit DuttaPosted: 09:37 AM Apr 24, 2026Updated: 09:52 AM Apr 24, 2026

আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ইংরেজ তারকা বেন ডাকেট। এতদিন তাঁর পরিবর্তে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। অবশেষে সেই অপেক্ষার অবসান। ডাকেটের জায়গায় পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

ইংল্যান্ডের তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে দলে নিয়েছে দিল্লি। ৭৫ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়ে আইপিএলে প্রথমবারের মতো পা রাখতে চলেছেন ২১ বছরের এই ক্রিকেটার। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও ইংল্যান্ডে বড় হওয়া রেহান ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোক্ষম সময় উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন তিনি। এখন পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি বিগ ব্যাশ লিগ ও 'দ্য হান্ড্রেড'-এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রেহানের অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। তাঁর গুগলি এবং নিচের দিকে নেমে আগ্রাসী ব্যাটিং করার ক্ষমতা দলকে বাড়তি সুবিধা দেবে। দিল্লিতে ইতিমধ্যেই রয়েছেন কুলদীপ যাদব ও বিপ্রজ নিগমের মতো স্পিনার। রেহান আসায় তাদের স্পিন বিভাগ আরও শক্তিশালী হল বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে অগ্রাধিকার দিতেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন বেন ডাকেট। অ্যাশেজ সিরিজের পর বিশ্রাম ও প্রস্তুতিতে জোর দিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে মাঝপথেই বিকল্প খুঁজতে হয় দিল্লিকে। রেহানের আগমনে নতুন আশা দেখছে দিল্লি শিবির। এখন দেখার, আইপিএলের মঞ্চে নিজের প্রথম সুযোগ কতটা কাজে লাগাতে পারেন ইংল্যান্ডের এই উদীয়মান অলরাউন্ডার। উল্লেখ্য, এই মুহূর্তে ৬ ম্যাচে ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের ছয়ে রয়েছে কেএল রাহুল, অক্ষর প্যাটেলের দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement