'বাড়ি চলে যান।' মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হারার আগে যেন এভাবেই সমর্থকদের বার্তা পাঠালেন মালিক আকাশ আম্বানি। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন মুম্বই মালিক। আর গ্যালারির দিকে হাত নেড়ে ওয়াংখেড়ের দর্শকদেরও যেন বাড়ি চলে যেতে বললেন। আসলে হার্দিক পাণ্ডিয়ারা এত খারাপ খেলছেন যে, খোদ মালিকও 'বিরক্ত'। তাহলে কি হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া সময়ের অপেক্ষা?
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ে স্বস্তি ফিরেছিল। কিন্তু একটা ম্যাচ যেতে না যেতেই ফের কঙ্কালসার চেহারাটা স্পষ্ট হল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বই ইন্ডিয়ান্সকে একতরফাভাবে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১০৩ রানে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার নজির গড়েছে তারা। একই সঙ্গে আতশ কাচের নিচে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব।
ম্যাচ তখনও শেষ হয়নি। শেষ বল হওয়ার আগেই দেখা যায় নিজের আসন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আকাশ। মুম্বই ডাগআউটের পাশ দিয়ে যাওয়ার সময় কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। স্টেডিয়াম ছাড়ার আগে ওয়াংখেড়ের দর্শকদের উদ্দেশ্য করে হাত নাড়াতে থাকেন। যেন বলতে চাইছিলেন, এই ম্যাচ দেখে কোনও লাভ নেই। পারলে তাড়াতাড়ি বাড়ি চলে যান।
খারাপ পারফরম্যান্সের ফলে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার উপরও চাপ বাড়ছে। ব্যাটে রান নেই। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মতে, হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও উঠছে। ২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক সমালোচনার মুখে পড়েছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। জয়ের শতাংশ ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই।
