আইপিএলের মাঝেই প্রয়াত হয়েছেন মা। তবু কর্তব্যে অবিচল চেন্নাই সুপার কিংস তারকা। মায়ের শেষকৃত্য সেরে দলে ফিরে এসেছেন মুকেশ চৌধুরী। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের 'এল ক্লাসিকো'তে চেন্নাইয়ের প্রথম একাদশে আছেন তিনি। আর মুকেশের প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতে ও সতীর্থের পাশে দাঁড়াতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন সিএসকে ক্রিকেটাররা।
এবারের আইপিএলে এটা দ্বিতীয় ম্যাচ মুকেশের। টসে জিতে প্রথমে ব্যাট করছে চেন্নাই। অর্থাৎ মুকেশকে পরে বল করতে দেখা যাবে। ব্যাটিংয়ের সময় দেখা যায়, হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামছেন সঞ্জু স্যামসনরা। পরে সিএসকে'র তরফ থেকে জানানো হয়, 'মুকেশের মা'কে শ্রদ্ধা জানাই। তাঁর স্মৃতিতে ও মুকেশের পাশে দাঁড়াতে আমরা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামছি। আজ একটু বেশি দরদ দিয়ে খেলব।' ব্যক্তিগত ধাক্কা সামলেও মুকেশ যেভাবে দৃঢ় মানসিকতা ও ক্রিকেটের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিলেন, তাতে মুগ্ধ নেটিজেনরা।
উল্লেখ্য, দীর্ঘ এক বছর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা প্রেম দেবী। গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই রাজস্থানের ভিলওয়ারায় নিজের বাড়িতে ছুটে যান মুকেশ। সেখানেই দাদা ডা. রাজেশ চৌধুরীর সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। কঠিন সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন সিএসকে’র প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়মিত যোগাযোগ রেখে মুকেশকে মানসিকভাবে সমর্থন জুগিয়েছেন তিনি। এমনকী হাসপাতালে গিয়ে সিএসকে পেসারের মায়ের খোঁজও নিয়েছেন। থালার এই ভূমিকায় আপ্লুত নেটিজেনরা।
