shono
Advertisement

Breaking News

KKR

নাইট জার্সিতে ইতিহাস অ্যালেনের, 'ভাগ্যবান' রাহানে ধন্যবাদ দিচ্ছেন বরুণ-নারিনকেও

রান তাড়া করতে নেমে ৪৭ বলে ১০০ করে অপরাজিত থাকেন অ্যালেন। ছক্কা হাঁকিয়ে নাইটদের ম্যাচও জেতানোর সঙ্গে নিজের সেঞ্চুরিও পূরণ করে ফেলেন কিউয়ি তারকা।
Published By: Arpan DasPosted: 09:12 AM May 09, 2026Updated: 09:12 AM May 09, 2026

দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্লেঅফের দৌড়ে চলে এসেছে কেকেআর। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে ভরসা দিচ্ছেন নাইট তারকারা। দিল্লির ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছে কেকেআরের স্পিন বিভাগ। তারপর ফিন অ্যালেন সেঞ্চুরি করে একাই ম্যাচ 'ফিনিশ' করে দিলেন। সেই সঙ্গে গড়লেন নয়া রেকর্ড। ম্যাচের পর নাইট অধিনায়ক রাহানে নিজেকে 'ভাগ্যবান' বলার সঙ্গে স্পিন বিভাগে ধন্যবাদ দিয়ে যান।

Advertisement

লক্ষ্য ছিল মাত্র ১৪৩ রান। রান তাড়া করতে নেমে ৪৭ বলে ১০০ করে অপরাজিত থাকেন অ্যালেন। ছক্কা হাঁকিয়ে নাইটদের ম্যাচ জেতানোর সঙ্গে নিজের সেঞ্চুরিও পূরণ করে ফেলেন কিউয়ি তারকা। নাইটদের হয়ে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার অ্যালেন। এর আগে ব্র্যান্ডন ম্যাকালাম (২০০৮ সালে), ভেঙ্কটেশ আইয়ার (২০২৩), সুনীল নারিন (২০২৪) কেকেআরের হয়ে সেঞ্চুরি করেছেন। তবে এঁদের মধ্যে সবচেয়ে দ্রুততম অ্যালেনই। তিনি সেঞ্চুরি করেছেন মাত্র ৪৭ বলে। সেখানে ভেঙ্কটেশ ও নারিন সেঞ্চুরি করেছিলেন ৪৯ বলে। আর আইপিএলের প্রথম ম্যাচে ম্যাকালাম সেঞ্চুরি করছিলেন ৫৩ বলে। এবার নাইট জার্সিতে দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন অ্যালেন।

তবে শুরুর দিকে সেভাবে ছন্দে ছিলেন না। সেই কথা মনে করিয়ে নাইট অধিনায়ক রাহানে বলেন, "অ্যালেনের জন্য খুব খুশি। প্রথম ৪-৫টা ম্যাচে সমস্যায় পড়েছিল। কিন্তু পরিশ্রম করা ছাড়েনি। আজ অসাধারণ ব্যাট করেছে। তবে আমি বোলারদের ধন্যবাদ জানাতে চাই। ওরা ধারাবাহিকভাবে ভালো বল করেছে। আমাদের সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও অনুকূল রায়ের মতো স্পিনাররা দারুণ খেলছে। অধিনায়ক হিসেবে আমি ভাগ্যবান যে আমাদের দলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা আছে। ওঁদের খুব বেশি কিছু বলতে হয় না।" দিল্লির বিরুদ্ধে নাইট স্পিনাররা মাত্র ৩ উইকেট তুলেছেন ঠিকই। তবে রান আটকানোর মূল দায়িত্ব ছিল তাঁদের উপরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement