shono
Advertisement
Arjun Tendulkar

'কোনও ক্রিকেটার বন্ধু নেই...', ব্যক্তিগত জীবনে 'অভিমানী' অর্জুন! প্রত্যাশার চাপে ক্লান্ত শচীনপুত্র?

বাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলের উপর চাপ থাকবে খুবই স্বাভাবিক। সেই উচ্চতায় উঠতে পারেননি অর্জুন তেণ্ডুলকর। সমালোচনায় কি ভয় পান শচীন-পুত্র?
Published By: Arpan DasPosted: 12:12 PM Apr 01, 2026Updated: 12:12 PM Apr 01, 2026

বাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলের উপর চাপ থাকবে খুবই স্বাভাবিক। সেই উচ্চতায় উঠতে পারেননি অর্জুন তেণ্ডুলকর। সমালোচনা হলে কি সেসব নিয়ে ভয় পান শচীন-পুত্র? তা পান না। তবে কোনও ক্রিকেটারের সঙ্গে সেভাবে বন্ধুত্বও রাখেন না। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে আইপিএলে নামার আগে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অর্জুন।

Advertisement

একটি পডকাস্টে তাঁকে জিজ্ঞেস করা হয় কীভাবে মাথা ঠান্ডা রাখেন? এই ধরনের প্রশ্নে অনেকেই বলে থাকেন, যোগব্যায়াম করেন বা ধ্যান করেন। তবে অর্জুনের উত্তর, "গোয়ায় আমার বাড়িতে পাঁচটি কুকুর আছে। আমি তাদের সঙ্গে সময় কাটাই।" তারপর প্রশ্ন করা হয়, "আপনার ক্রিকেটার বন্ধু আছে?" তাতে শচীনপুত্র বলেন, "আমার সেভাবে কোনও ক্রিকেটার বন্ধু নেই। আমার বন্ধুরা কেউ ক্রিকেট খেলে না। তাদের সঙ্গে ক্রিকেট নিয়ে কথাও হয় না।" একসময় পৃথ্বী শ'র সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল অর্জুনের। তবে 'অভিমান' নয়, ব্যক্তিগত জীবন গোপনীয় রাখতেই পছন্দ করেন অর্জুন। সঙ্গে তাঁর জবাব সমালোচনায় ভয় পান না।

আইপিএলে এখনও সাফল্য পাননি ২৬ বছর বয়সি অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার তাঁর নতুন অভিযান শুরু হচ্ছে লখনউ সুপার জায়ান্টসে। ৩০ লক্ষ টাকায় এবার অর্জুনকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। সেখানে নিজেকে প্রমাণ করতে মরিয়া শচীনপুত্র। তবে অর্জুনের প্রিয় ক্রিকেটার শুধু শচীন নন। তিনি যুবরাজ সিংয়েরও ভক্ত। তবে পার্থক্যও আছে। যুবরাজ ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বল করতেন, সেখানে অর্জুন পেসার।

উল্লেখ্য, সম্প্রতি সানিয়া চন্দোকের সঙ্গে বিয়ে হয়েছে অর্জুনের। গত বছরের আগস্টেই বাগদান সেরেছিলেন তাঁরা। মার্চ মাসে আচার মেনে বিবাহিত জীবনে পা রেখেছেন দু'জনে। বিয়ের পরদিনই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমে পড়েন শচীনপুত্র। এবার আইপিএলেও ‘নতুন জীবন’ শুরু করাতেই পাখির চোখ অর্জুনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement