টি-টোয়েন্টি বিশ্বকাপটা একেবারে ভালো যায়নি বরুণ চক্রবর্তীর। অনেকেই বলাবলি শুরু করে দিয়েছেন, বরুণ ফর্মে না থাকলে সমস্যায় পড়বে কেকেআর। কারণ টিমের পেস অ্যাটাক খুব একটা ভালো নয়। আর স্পিন বরাবরই বড় ভরসা কেকেআরের। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসিস অবশ্য বরুণের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন। একইসঙ্গে এটাও বলে দিয়েছেন, আইপিএলে (IPL 2026) কেকেআরের (KKR) অস্ত্র হতে চলেছেন বরুণ আর সুনীল নারিন।
ফ্যাফ নিজে দীর্ঘদিন আইপিএলে খেলেছেন। জানেন স্পিন সহায়ক উইকেট পেলে বরুণ-নারিন কতটা ভয়ঙ্কর হতে পারেন। এটাও বলে দিয়েছেন, কেকেআর টিম ম্যানেজমেন্টে থাকলে তিনি ইডেনে স্পিন সহায়ক উইকেট চাইতেন। এক সাক্ষাৎকারে ফ্যাফ বলেন, "আমি যদি কেকেআর টিম ম্যানেজমেন্টে থাকতাম, তাহলে মাঠকর্মীদের গিয়ে পরিস্কার বলতাম, স্পিন-সহায়ক উইকেট দিতে হবে। বরুণ আর নারিনের মতো স্পিনার রয়েছে কেকেআরে। যারা এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা। এখন কেকেআর যদি এমন পিচে খেলে, যেটা স্পিন-সহায়ক নয়, তাহলে ওরা নিজেদের দুটো বড় অস্ত্র হারাবে। তার মানে একবারও বলছি না যে, স্পিন সহায়ক উইকেট না পেলে ওরা বোলিং করতে পারবে না। যে কোনও পিচেই ওরা বোলিং করতে পারবে। কেকেআরকে ট্রফি জিততে গেলে দু'জনকে দুরন্ত বোলিং করতে হবে। ওদের কথা মাথায় রেখে ঘরের মাঠে পিচ তৈরি করতে হবে কেকেআরকে।"
আইপিএল নিলাম থেকে এবার প্রচুর অর্থ দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর। টিমের অন্যতম বড় ভরসা হতে চলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ফ্যাফের বক্তব্য, "গ্রিন প্রচণ্ড প্রতিভাবান। সবচেয়ে বড় কথা হল, ওর মধ্যে একাধিক স্কিল রয়েছে। আমার মতে, দারুণ একটা ক্রিকেটারকে নিয়েছে ওরা। আন্দ্রে রাসেলের একেবারে সঠিক পরিবর্ত। গ্রিন প্রায় ছ'ফুটের উপর লম্বা। বেশ ভালো বোলিং করে। বাউন্সার যতটা ভালো করে, ইয়র্কারও একইরকম ভালো করতে পারে। ব্যাটিংয়ের কথা নতুন করে আর কী বলব। যে কোনও পরিস্থিতিতে বড় শট খেলতে পারে। যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিয়ে যেতে পারে গ্রিন। ও চলে আসায় কেকেআরের ব্যালান্স আরও বেড়ে গিয়েছে। তবে একটা কথা বলব, গ্রিনের সাম্প্রতিক ফর্ম খুব এটা ভালো যাচ্ছে না। সঙ্গে আরও একটা ব্যাপার থাকবে। এত অর্থ খরচ করে কেকেআর টিমে নিয়েছে। সেই চাপটাও গ্রিনকে সামলাতে হবে।"
উল্লেখ্য, গতবছর ইডেনের পিচ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। বেশি ঘূর্ণি চেয়ে বারবার 'নির্দেশ' দেওয়া হয় কিউরেটরকে। প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। এবারও কি ঘূর্ণি পিচ না পেলে একইভাবে 'রেগে যাবে' নাইটরা? ফ্যাফের মন্তব্যে বাড়ছে জল্পনা।
