প্রায় ২ মাস মাঠের বাইরে। কবে মাথিশা পাথিরানাকে নাইট জার্সিতে দেখা যাবে, সেই নিয়ে আগ্রহ ছিল কেকেআর সমর্থকদের। পাথিরানা ফিরলেন, ৮ বল করলেন এবং মাঠের বাইরে চলে গেলেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলটি করার পরই পা ধরে খোঁড়াতে থাকেন। তারপর সাজঘরে ফিরে যান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আর বল করতে ফেরেননি। কবে ফের মাঠে ফিরবেন এখনই বলা যাচ্ছে না।
ইডেনে প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ২৪৭ রান। বড় লক্ষ্য বাঁচাতে নেমে শুরুতেই চমক দেয় নাইটরা। ফিন অ্যালেনের বদলে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে নামেন পাথিরানা। প্রথম ওভারে মাত্র ৭ রান দেন। চোট আছে বলে মনে হয়নি। এরপর ষষ্ঠ ওভারে তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয়। শুভমান গিলকে প্রথম বলটি করেন ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। দ্বিতীয় বলটা করতে এসে আচমকা থমকে যান। হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখেই বোঝা যায় সেটা অশনি সংকেত। তারপরও কোনও মতে দ্বিতীয় বলটি করেন। কিন্তু সেই বলটি করার পরই ফিজিওদের সঙ্গে মাঠ ছাড়েন। সাজঘরে যাওয়ার আগে যেন বোঝাচ্ছিলেন, পায়ে কী ধরনের সমস্যা হয়েছে।
এদিন বরুণ চক্রবর্তীকে দলে ফেরায় কেকেআর। আগের ম্যাচে পায়ের চোটে খেলতে পারেননি। আবার আচমকাই দেখা যায়, ঘাড়ে ম্যাসাজ করাচ্ছেন শুভমান গিল। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার সময় ঘাড়ে টান পড়ে। ওই টেস্টে তো বটেই, তারপর ওয়ানডেতেও খেলতে পারেননি। এদিন অবশ্য নাইটদের বিরুদ্ধে গুজরাটের ব্যাটিংকে ভরসা দিচ্ছেন গিল।
নিজস্ব চিত্র
