shono
Advertisement
IPL 2026

'রাসেলের ধারেকাছেও পৌঁছতে পারবে না', আইপিএলের আগে গ্রিনকে নিয়ে বিস্ফোরক কাইফ

আন্দ্রে রাসেলের পরিবর্তে গ্রিনকে ব্যবহার করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন রাসেলের অভাব কোনওভাবেই মেটাতে পারবেন না অজি তারকা। আর কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 09:07 PM Mar 25, 2026Updated: 09:07 PM Mar 25, 2026

ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। তিনি এবার নাইটদের অন্যতম ভরসা। তাঁকে কেন্দ্র করেই দল সাজানোর ছক কলকাতার। আন্দ্রে রাসেলের পরিবর্তে গ্রিনকে ব্যবহার করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন রাসেলের অভাব কোনওভাবেই মেটাতে পারবেন না অজি তারকা।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, “ক্যামেরন গ্রিন কোনওভাবেই আন্দ্রে রাসেলের ধারেকাছে নয়। ও ভালো ব্যাটার ঠিকই, কিন্তু রাসেলের সঙ্গে তুলনা করলে পার্থক্যটা বিশাল।” রাসেলের অভাব নিয়ে কাইফ আরও বলেন, “রাসেলের শূন্যতা পূরণ হবে না। ও লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করত। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখত। যখনই বল করত, উইকেট নিত। ওর অভাব ক্যামেরন গ্রিনও পূরণ করতে পারবে না।” উল্লেখ্য, গ্রিনের সাম্প্রতিক ফর্ম একেবারেই আহামরি নয়। যা চিন্তায় রাখছে নাইটদের। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন গত শনিবারই নাইট শিবিরে যোগ দিয়েছেন। অভিনব ভিডিও পোস্ট করে কেকেআর তাঁকে স্বাগতও জানায়। এক্স হ্যান্ডেলে গ্রিনের একটি ভিডিও পোস্ট করেছে নাইটরা। তাতে ওই অজি মহাতারকাকে দেখানো হয়েছে সংহারক রূপে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে একটি হাতুড়ি নিয়ে লিফ্‌ট থেকে বার হচ্ছেন গ্রিন। সেই হাতুড়ি দিয়ে বার বার কাউকে আঘাত করছেন। মুখে খলনায়কের মতো হাসি। ভিডিও ক্যাপশনে নাইটরা লিখেছে, ‘সাবধান অজি মহাতারকা চলে এসেছেন।’

কেবল গ্রিন নন, দলে থাকা আরেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রভম্যান পাওয়েলও 'পাওয়ার হিটার' রাসেলের জায়গা নিতে পারবেন না বলে মনে করেন কাইফ। এছাড়াও কাইফের দাবি, কেকেআরের মালিক শাহরুখ খান রাসেলকে পাওয়ার কোচের দায়িত্বে এনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয়, ওরা ক্রিস গেলের ঘটনার পুনরাবৃত্তি করতে চায়নি। রাসেল এখনও বিভিন্ন লিগে খেলছে। পুরোপুরি অবসর নেয়নি। তাই পরিকল্পনা বদলানো হয়। হয়তো শাহরুখ খান ওর সঙ্গে কথা বলে কোচিং ভূমিকায় আসতে রাজি করান।” উল্লেখ্য, কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ, প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement