বছরে মাত্র মাসদুয়েক ক্রিকেট খেলেন। তা সত্ত্বেও দেশের ক্রিকেট আইকনদের মধ্যে প্রথম সারিতে থাকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। প্রত্যেক বছর আইপিএল (IPL 2026) শুরুর আগে গুঞ্জন চলে তাঁর অবসর নিয়ে। কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে মাঠে নেমে পড়েন চেন্নাইয়ের 'থালা'। এবার শোনা গেল, ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে নামবেন ধোনি। ক্যাপ্টেন কুলও খানিকটা সম্মতি দিয়েছেন সেই প্রস্তাবে।
আইপিএল শুরুর আগে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল চেন্নাই সুপার কিংস। সেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তামিল অভিনেতা শিবকার্তিকেয়ান। অনুষ্ঠান চলাকালীন ধোনির সঙ্গে বেশ খানিক্ষণ আড্ডা দেন তিনি। সেখানেই উঠে আসে, চেন্নাইয়ের জার্সিতে ৬০ বছর বয়স পর্যন্ত খেলবেন মাহি। অনুষ্ঠান চলাকালীন শিবকার্তিকেয়ন ধোনিকে প্রশ্ন ছুড়ে দেন, "প্রত্যেকবছরই আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি অবসর নিচ্ছেন? কিন্তু আপনি বলেন, মোটেই না।" এখানেই না থেমে তামিল অভিনেতা বলে বসেন, "আপনি তো ৬০ বছর বয়স অবধি খেলতে পারেন।"
ভক্তের আবেদন মোটেই ফেলে দেননি ধোনি। বরং হেসে বলেন, "৬০ বছর পর্যন্ত খেলে যাওয়াটা খুবই কঠিন।" শিবকার্তিকেয়নের জবাব, "আপনার যা ফিটনেস রয়েছে, খেলাটা খুবই সহজ।" এহেন বক্তব্যে মাহি বলেন, "না ব্যাপারটা খুবই কঠিন। কিন্তু আমি চেষ্টা করব।" ধোনির এই বক্তব্যেই নেটিদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি ধোনি সত্য়িই খেলবেন ৬০ বছর বয়স পর্যন্ত? নাকি স্রেফ মজার ছলে এমনটা বলেছেন ক্যাপ্টেন কুল?
উল্লেখ্য, এর আগে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। এবার ইয়েলো আর্মির সামনে হেক্সা জয়ের হাতছানি। তবে চেন্নাইয়ের প্রাক্তনী রবিন উথাপ্পার মতে, এই মরশুমের পরই আইপিএলকে বিদায় জানাবেন ধোনি। উথাপ্পার কথায়, "আইপিএলে এটাই সম্ভবত ওর শেষ মরশুম। অবসর নেবে ধোনি। ওকে হয়তো মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে। সাত নম্বরে নয়, আট নম্বরে ব্যাট করতে নামতে পারে।" কিন্তু ধোনি মানেই যেন প্রহেলিকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেছিলেন। আইপিএলেও সেরকমটাই করতে পারেন, এমন সম্ভাবনা প্রবল।
