এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। কিন্তু আইপিএল শুরুর আগেই ধাক্কা খেয়েছে সিএসকে। চোটের জন্য ছিটকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ৪৪ বছরের উইকেটকিপার এখনও যে দলের প্রাণভোমরা, সে কথা বলাই বাহুল্য। সেই মাহি সিএসকে-র অনুশীলনে ফিরলেন। তাও আবার পাঞ্জাব কিংস ম্যাচের আগে। দ্রুত ভাইরাল হয়ে যায় ধোনির অনুশীলনের ভিডিও। যা দেখে আশায় বুক বাঁধছেন সমর্থকরা।
তাঁদের প্রশ্ন, ইয়েলো আর্মিকে বাঁচাতে এবার কি তবে চোট নিয়েই পাঞ্জাবের বিরুদ্ধেই মাঠে নেমে পড়বেন ধোনি? তাঁদের প্রশ্নটা অমূলক নয়। কারণ এমএ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচের আগের দিন চেন্নাইয়ের অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা গিয়েছে। তাছাড়াও দলের বাকিদের পরামর্শ দিতেও দেখা গিয়েছে 'থালা'কে। আর এসব দেখেই অনেকেই মনে করছেন, পাঞ্জাবের বিরুদ্ধে না হলেও খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলের প্র্যাকটিস সেশনের জন্য মাঠে এলেও পুরোপুরিভাবে অংশ নেননি। নেটে ব্যাটিং করলেও উইকেটকিপিং থেকে দূরে ছিলেন। সঞ্জু স্যামসনকেই স্টাম্পের পিছনে নাগাড়ে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। তবে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে মাহির অনুশীলনে যোগ দেওয়া দলের মনোবল বাড়াবে বইকি। উল্লেখ্য, মেগা টুর্নামেন্টের শুরুতেই জানা গিয়েছিল, কাফ মাসলে চোট লেগেছে মাহির। ফলে প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কয়েকদিনের মধ্যে জানা যায়, দু’সপ্তাহ নয়। সম্ভবত আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে মাহিকে। কিন্তু ধোনির 'হালচাল' দেখা মনে হচ্ছে, সময়ের আগেই হয়তো চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন।
অন্যদিকে, ধোনি ছাড়াও সিএসকে-র আরেক আহত খেলোয়াড় ডেওয়াল্ড ব্রেভিসও শুক্রবারের ম্যাচের আগে দলের অনুশীলনে অংশ নেন। উল্লেখ্য, ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করেছে সিএসকে। ওই ম্যাচে প্রবল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই শিবির। মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। ৪৭ বল বাকি থাকতে ম্যাচ হারে হলুদ জার্সিধারীরা। নেট রানরেটে বিশাল ধাক্কা খেয়ে পয়েন্ট টেবিলে সকলের নিচে রয়েছে চেন্নাই। সব মিলিয়ে প্রবল চাপে রয়েছেন শিবম দুবেরা। তার মধ্যেই শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই।
