ইডেনে তাঁর ব্যাটে চেনা ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। মাত্র ২১ বলে ৪৮ রানের ওই ইনিংসটাই সানরাইজার্স হায়দরাবাদের জয়ের ভিত তৈরি করেছিল। কিন্তু ম্যাচ শেষে দুঃসংবাদ পেলেন টিম ইন্ডিয়ার সুপারস্টার অভিষেক শর্মা (Abhishek Sharma)। সানরাইজার্স ওপেনারকে অভব্য আচরণের জন্য বড় শাস্তি দিল বিসিসিআই।
বৃহস্পতিবার রাতে কেকেআর এবং সানরাইজার্স ম্যাচের পরই বিবৃতি দিয়ে জানানো হয়, অভিষেক শর্মা বিসিসিআইয়ের আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ ছিল। সেই অপরাধ স্বীকার করেছেন তিনি। বিসিসিয়াইয়ের আচরণবিধির ২.৩ ধারায় অভিযোগ তিনি স্বীকার করেছেন। এক্ষেত্রে ম্যাচ রেফারি অভিষেকের ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লেভেল ওয়ান অপরাধ করায় নির্বাসনের মুখে পড়তে হচ্ছে না তাঁকে। তাছাড়া ডিমেরিট পয়েন্টও পেতে হচ্ছে না অভিষেককে।
ঠিক কী অপরাধ করেছেন অভিষেক? সেটা অবশ্য বিসিসিআইয়ের বিবৃতিতে স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে আউট হওয়ার পর হতাশায় নিজেকেই গালিগালাজ করছিলেন অভিষেক। যা স্ট্যাম্প মাইকে শোনা যায়। বিসিসিয়াইয়ের আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী ম্যাচ চলাকালীন যদি কোনও ক্রিকেটারকে গালিগালাজ বা অশ্রাব্য কিছু বলতে শোনা যায়, তাহলে তাঁকে শাস্তির মুখে পড়তে হয়।
উল্লেখ্য, হায়দরাবাদের দেওয়া ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর গুটিয়ে যায় মাত্র ১৬১ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ‘রণংদেহি’ মেজাজে শুরু করেছিলেন সানরাইজার্স ওপেনার ট্যাভিস হেড এবং অভিষেক শর্মা। ২১ বলে ৪৬ করেন হেড। ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। কিন্তু দিনের শেষে দুঃসংবাদ পেলেন অভিষেক।
