আইপিএলের মাঝপথে বিরাট ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। গোটা আইপিএল (IPL 2026) থেকে ছিটকে গিয়েছেন ফর্মে থাকা আয়ুষ মাত্রে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ১৮ বছরের এই তরুণ ব্যাটার। মঙ্গলবার সিএসকে’র তরফে এক বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার কথা জানানো হয়েছিল। এবার আয়ুষের পরিবর্ত হিসাবে আকাশ মাধওয়ালের নাম ঘোষণা করেছে দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি।
৩২ বছরের এই ডানহাতি পেসার ২০২৩-২৪ সালে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ২০২৫ সালে তাঁর গায়ে উঠেছিল রাজস্থান রয়্যালসের জার্সি। সব মিলিয়ে ১৭ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন তিনি। ৩০ লক্ষ টাকায় মাধওয়ালকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তাঁর ঝুলিতে আইপিএলে পাঁচ উইকেট নেওয়ারও কৃতিত্বও রয়েছে। মুম্বইয়ের জার্সিতে অভিষেক মরশুমে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ৩.৩ ওভার বল করে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সেটাই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। সেই মরশুমে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে ৪ ম্যাচে ৪ উইকেট নেন। ডেথ ওভারে তাঁর বোলিং দক্ষতা এবং গতি চেন্নাইয়ের অস্ত্র হয়ে উঠতে পারে।
এবারের আইপিএলে ভালো ফর্মে ছিলেন আয়ুষ। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে তিন নম্বরে ব্যাট করতে নামায় সিএসকে। সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, অধিনায়ক ঈশান কিষান কেউ রান পাননি। এই পরিস্থিতিতে ভঙ্গুর চেন্নাই ব্যাটিংকে পথ দেখান আয়ুষ। যতক্ষণ ব্যাট করেছেন, ততক্ষণ প্রয়োজনীয় রান রেট নিয়ন্ত্রণের মধ্যে ছিল। ১৩ বলে ৩০ রান করে যান অনূর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশীর অধিনায়ক। চোটে কাবু হয়েছিলেন। শেষ পর্যন্ত ছিটকেই যান আয়ুষ।
চেন্নাই সুপার কিংসের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, ‘গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে আয়ুষ মাত্রে আইপিএল বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন। আয়ুষের এই চোট সারিয়ে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহের রিহ্যাবের প্রয়োজন হবে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি।’ তবে, আয়ুষের জায়গায় সিএসকে'তে নেওয়া হল একজন জোরে পেসারকে। কেন এমন 'আজব' নির্বাচন, তা নিয়েও প্রশ্ন উঠছে। এছাড়াও, ডান উরুতে চোটের কারণে সিএসকে-র অন্যতম প্রধান পেসার খলিল আহমেদও চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। যদিও ২৮ বছর বয়সি এই খেলোয়াড়ের বদলি এখনও পর্যন্ত ঘোষণা করেনি সিএসকে। মনে করা হচ্ছে, এই জায়গায় হয়তো কোনও ব্যাটারকে নেবে ফ্র্যাঞ্চাইজিটি।
