দলে নিয়েও বাদ দিয়েছে কেকেআর। ক্রীড়া বহির্ভূত কারণে আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। তবে আগুনে ফর্মের প্রমাণ দিয়ে রাখলেন বাংলাদেশের পেসার। দলে ফিরেই ৫ উইকেট তুললেন মুস্তাফিজুর। আর নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ পকেটে পুরল বাংলাদেশ। সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটল বাংলাদেশের।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৬ রানে জেতেন টম ল্যাথামরা। কিন্তু পরের ম্যাচে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। তৃতীয় তথা শেষ ম্যাচ ছিল সিরিজের নির্ণায়ক। চট্টগ্রামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৬৫ রান। ১১৯ বলে ১০৫ রান করেন শান্ত। ৭৬ রান করেন লিটন। জবাবে নিউজিল্যান্ড ২১০ রানে অলআউট হয়ে যায়। মুস্তাফিজুর ৪৩ রান দিয়ে ৫ উইকেট তোলেন। বাংলাদেশ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
নিউজিল্যান্ডের অধিকাংশ ক্রিকেটারই এখন আইপিএলে ব্যস্ত। মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন। বাংলাদেশের বিরুদ্ধে মূলত তারকাহীন দলই খেলিয়েছে কিউয়িরা। অন্যদিকে মুস্তাফিজুরও আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগের দলে খেলছেন। প্রথম দু'টি ম্যাচে খেলেননি। ফিরেই ৫ উইকেট পেলেন। সিরিজের সেরা হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।
শেষবার ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১২ বছর আগে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। তারপরের দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হল। দুই মাসে দুটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। গত মাসে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা। তার সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দলের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ এখন আছে নবম স্থানে।
