shono
Advertisement
Mumbai Indians

ড্রেসিংরুমের তথ্য পাচার! পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপের পথে মুম্বই ইন্ডিয়ান্স

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব বা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েই শুধু নয়, এবার মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। দলের অভ্যন্তরীণ তথ্য বারবার বাইরে চলে যাওয়ায় বিরক্ত কর্তৃপক্ষ।
Published By: Prasenjit DuttaPosted: 04:00 PM May 30, 2026Updated: 04:15 PM May 30, 2026

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব বা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েই শুধু নয়, এবার মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। দলের অভ্যন্তরীণ তথ্য বারবার বাইরে চলে যাওয়ায় বিরক্ত কর্তৃপক্ষ। তাই আগামী আইপিএলের আগে পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের ভেতরের কিছু সংবেদনশীল বিষয় বারবার প্রকাশ্যে চলে আসছে, যা একেবারেই কাম্য নয়। যদিও নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। তবুও এই প্রবণতায় লাগাম টানতে বদ্ধপরিকর ফ্র্যাঞ্চাইজি। ড্রেসিংরুমের এই অস্থিরতা বা বিশৃঙ্খলা মেনে নিতে পারছেন না কর্তারা।

মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরের তথ্য পাচার হচ্ছে? ফাইল ছবি।

দলের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, “প্রত্যেক ড্রেসিংরুমের নিজস্ব একটা সংস্কৃতি থাকে। কিন্তু হার্দিক ফেরার পর থেকে আমাদের সাজঘরে বিভেদ আর অস্বস্তি বেড়েছে। বিষয়টা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, সাধারণ চোখেই তা স্পষ্ট। মুম্বইয়ের মতো দলে সবসময় নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলায় জোর দেওয়া হয়। কিন্তু ভিতরের খবর বাইরে চলে যাওয়া সত্যিই উদ্বেগজনক।” তিনি আরও বলেন, “এই দলে একাধিক কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন। নেতৃত্বে বহুবার পরিবর্তনও হয়েছে। তবুও কখনও সাজঘরের কথা বাইরে যায়নি। এবার যা হচ্ছে, তা ভাবাচ্ছে।”

আগামী মরশুমের জন্য নতুন পরিকল্পনায় নেমেছে মুম্বই। শোনা যাচ্ছে, হার্দিক পাণ্ডিয়াকে বাদ দিয়েই দল সাজানোর কথা ভাবা হচ্ছে। নতুন অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে রোহিত শর্মার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, দলে তাঁর প্রভাব এবং গুরুত্ব ফেরানোর উদ্যোগও নেওয়া হতে পারে। সূত্রের খবর, “সাজঘরের কথা বারবার বাইরে চলে যাওয়াটা কর্তারা ভালোভাবে নিচ্ছেন না। অনেক ক্রিকেটার সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করছে। কেউ ইমোজি দিয়েছে। কেউ আবার পরোক্ষে মন্তব্য করছে। এসব নিয়ন্ত্রণ করা যায়নি। দলের মধ্যে বিভেদের পরিবেশও ঠিক হয়নি। কিছু খেলোয়াড়ের আচরণ ও পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। যদি কেউ মনে করে মুম্বইকে হালকাভাবে নেওয়া যায়, তাহলে তাদের নতুন করে ভাবতে হবে।” মুম্বই ইন্ডিয়ান্স তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে মরিয়া। সেই লক্ষ্যে সাজঘরের অশান্তি দূর করা এবং তথ্য ফাঁসের মতো বিষয়গুলিকে কঠোরভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement