shono
Advertisement
Vaibhav Sooryavanshi

'হাল্লা বোল সূর্যবংশী...', ১৫ বছরের বৈভবের প্রশংসায় পঞ্চমুখ ডব্লিউডব্লিউই তারকা

১৫ বছর বয়সেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে বাঁহাতি তারকা। বৈভবের প্রশংসায় পঞ্চমুখ তার 'সুপার ফ্যান' প্রখ্যাত ডব্লিউডব্লিউই তারকা। কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 05:11 PM May 30, 2026Updated: 05:12 PM May 30, 2026

বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে স্বপ্ন দেখেছিল রাজস্থান রয়্যালস। যদিও ফাইনালের দোরগোড়ায় গিয়েও থামতে হল তাদের। কোয়ালিফায়ার-২-এ গুজরাট টাইটান্সের কাছে হারের পর আইপিএল থেকে বিদায় নিয়েছে রাজস্থান। তবু মাত্র ১৫ বছর বয়সেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে বাঁহাতি তারকা। বৈভবের প্রশংসায় পঞ্চমুখ তার 'সুপার ফ্যান' প্রখ্যাত ডব্লিউডব্লিউই তারকা ড্রিউ ম্যাকিনটায়ারও।

Advertisement

তিন দিন আগেই সোশাল মিডিয়ায় বৈভবের আইপিএল জার্সি পরে জিম করার ভিডিও পোস্ট করেছিলেন রেসলার ম্যাকিনটায়ার। সঙ্গে তিনি লেখেন, ‘একজনকে বেছে নিন’। তাঁর এই মন্তব্য ভাইরালও হয়। স্কটিশ পেশাদার কুস্তিগির বৈভবের শক্তিশালী ব্যাটিংয়ের প্রতিই ইঙ্গিত করেন। তার শটে বল ঠিকমতো ব্যাটে না লাগলেও অনেক সময় তা ছক্কায় পরিণত হয়। এটাই তাঁর বিশেষত্ব। এবার পোস্ট করা এক ভিডিওয় তিনি বলেন, "হাল্লা বোল সূর্যবংশী। ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভেবো না। ওই যে সেদিন ৯৭, আজ ৯৬! ১৫ বছর বয়সে যা করেছ, যে কোনও খেলায়, কোনও সময়েই শোনা যায়নি। অবিশ্বাস্য!" মজার ছলে তিনি আরও বলেন, "আসলে আমিই বোধহয় তোমাদের লাকি চার্ম!"

এক ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু- সব দলের ভক্তদের এক করে দিয়েছে বৈভব সূর্যবংশী। দেশের সব ক্রিকেট ভক্তও ফাইনালে বৈভবকে ‘মিস’ করবে। ১৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় ৪৮.৫০। ৭২টা ছক্কা। চারবার ম্যাচের সেরা। এলিমিনেটরে ৯৭, কোয়ালিফায়ারে ৯৬। অল্পের জন্য সেঞ্চুরি মিস। যেন বৈভবের নয়, এই সেঞ্চুরিগুলো দেশের ক্রিকেট ভক্তরা মিস করেছে।

বৈভব সূর্যবংশী এখন ভারতীয় ক্রিকেটের এক উদীয়মান তারকা, যার জনপ্রিয়তা ও আত্মবিশ্বাস প্রতিদিনই বাড়ছে। মাত্র ১৫ বছর বয়সেই ভারতের ‘এ’ দলের জার্সিতে খেলার ডাক পেয়েছে সে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর আগেও রাইজিং ইন্ডিয়া দলেও ভারতীয় দলের হয়ে খেলেছিল বিহারের সমস্তিপুরের বাসিন্দা। এখন তাকে টিম ইন্ডিয়ার মূল দলে দেখতে চাইছেন অনেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement