shono
Advertisement
IPL 2026

চোটমুক্ত রোহিতে স্বস্তি 'লাস্ট বয়' মুম্বইয়ের, টানা জয়ে আত্মবিশ্বাসী শুভমানরা

রবিবাসরীয় সন্ধ্যায় প্রথম জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তাতে বিড়ম্বনা আরও বেড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। কারণ ইডেনে নাইটদের জয়ে পয়েন্ট টেবিলে সবার শেষ নেমে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
Published By: Arpan DasPosted: 01:56 PM Apr 20, 2026Updated: 01:56 PM Apr 20, 2026

রবিবাসরীয় সন্ধ্যায় প্রথম জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তাতে বিড়ম্বনা আরও বেড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। কারণ ইডেনে নাইটদের জয়ে পয়েন্ট টেবিলে সবার শেষ নেমে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সোমবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতে সেখান থেকে উঠে আসাই এখন মোক্ষ মুম্বইয়ের। শুভমান গিলরা আবার টানা তিন জয়ের আত্মবিশ্বাসে ভরপুর।

Advertisement

অথচ মুম্বই ইন্ডিয়ান্স শিবির 'ম্যাচ উইনারে' ভরা। রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, তিলক বর্মা- যে কোনও দলের জন্য স্বপ্নের লাইন-আপ। সঙ্গে কুইন্টন ডি'কক, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটনের মতো বিদেশি। তারপরও শেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। শোনা যাচ্ছে, ক্যাপ্টেন হিসেবে হার্দিককে মানতে পারছেন না দলের একাংশ। যার প্রভাব পড়ছে তাঁদের এবং দলের পারফরম্যান্সে। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে হার্দিক শুনিয়েছেন, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, সূর্যের পারফরম্যান্সে খুশি নয় দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো ইনিংস নেই তাঁর ব্যাটে। গুজরাট ম্যাচ ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের অ্যাসিড টেস্ট হতে পারে। পাশাপাশি দুই পেসার শার্দুল ঠাকুর এবং দীপক চাহারকে নিয়েও অখুশি টিম ম্যানেজমেন্ট। ফলে সুযোগ দেওয়া হতে পারে গতবার ভালো খেলা অশ্বনী কুমারের মতো তরুণকে।

মুম্বইয়ের জন্য স্বস্তি, রোহিত আর স্যান্টনারের চোট সমস্যা মিটেছে। দু'জনেই নেটে প্র্যাকটিস করছেন। গুজরাটের বিরুদ্ধে ফিরলেও রোহিত খেলবেন 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে। রবিবার দলের সাপোর্ট স্টাফ পরশ মামব্রে স্পষ্ট করে গিয়েছেন, যদি মুম্বই আগে ব্যাট করে তবে টসের সময় 'হিটম্যান' নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিত ওপেনে ফিরলে বসতে পারেন রিকেলটন। কারণ শেষ ম্যাচে সুযোগ পেয়েই সেঞ্চুরি করেছেন ডি'কক। আপাতত দলে তাঁর জায়গা নিশ্চিত। আহমেদাবাদে কালো মাটির উইকেট এবং বড় মাঠের কথা মাথায় রেখে দলে ফেরানো হতে পারে স্যান্টনার ও বোল্টকে। টানা পাঁচ ম্যাচ উইকেট না পেলেও বুমরাহ নিয়ে অবশ্য কোনও প্রশ্ন নেই মুম্বই শিবিরে।

অন্যদিকে, জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন শুভমানরা। অধিনায়কের পাশাপাশি রানের মধ্যে আছেন জস বাটলার। রশিদ খানকে পাওয়া যাচ্ছে চেনা অবতারে। সঙ্গে পেস বোলিংয়ে সিরাজ-প্রসিদ্ধ-অশোক-রাবাদা চতুষ্টয় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গুজরাটের চিন্তার কারণ শুধুমাত্র সাই সুদর্শনের ফর্ম। তবে টানা তিন জয়ের আত্মবিশ্বাস দিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সেই সমস্যা মেটাতে চাইছেন শুভমানরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement