১৫ বছরের যন্ত্রণার অবসান। তাতেই আইপিলের মঞ্চে 'জয় শ্রী রাম' বার্তা দিলেন স্পিনার রঘু শর্মা। কারও ভাগ্য ফেরে ১৩-১৪ বছর বয়সে। কাউকে অপেক্ষা করতে হয় ৩৩ বছর পর্যন্ত। যেমন মুম্বই ইন্ডিয়ান্সের রঘু শর্মা। আইপিএলের ঝাঁ চকচকে দুনিয়ায় একেবারেই আনকোরা নাম। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে উইকেট পেয়েই চর্চায় পাঞ্জাবের লেগস্পিনার। প্রথম সাফল্যের পর একটা চিরকুট বের করে দেখান তিনি। যেখানে ছিল রঘুর ১৫ বছরের সংগ্রামের গল্প। আর শেষে লেখা 'জয় শ্রী রাম।'
মাত্র ৩০ লক্ষ টাকায় রঘুকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক হলেও সাফল্য আসেনি। যেটা এল লখনউয়ের বিরুদ্ধে। ১৩তম ওভারে অক্ষত রঘুবংশীকে আউট করেন এই লেগ স্পিনার। আইপিএলে প্রথম উইকেট পেতেই পকেট থেকে একটা চিরকুট বের করে দেখান। যেখানে লেখা ছিল, '১৫ বছরের কষ্টকর জীবন গুরুদেবের আশীর্বাদে আজ শেষ হল। আমাকে সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ। আজন্ম কৃতজ্ঞ থাকব। জয় শ্রী রাম।'
৩৩ বছর বয়সি ক্রিকেটার অদম্য অধ্যবসায় ও দৃঢ় মানসিকতার জন্য পরিচিত। জীবনে বহু উত্থানপতনের পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। সম্ভবত চিরকুটে নিজের কেরিয়ারের ১৫ বছরের সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছেন। শুধু লেগ স্পিন নয়, আরেকটা বিশেষ কারণে রঘুকে চিনে নেওয়া যায়। সেটা হল মাথায় টিকি বাঁধা। ১২টি প্রথম-শ্রেণির ম্যাচে ৫৭টি এবং ১২টি লিস্ট-এ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। সেই তুলনায় টি-টোয়েন্টি কম খেলেছেন। তবে মুম্বই ইন্ডিয়ান্স রত্ন চিনতে ভুল করে না। রঘুর লেগ স্পিন মুম্বইয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
