shono
Advertisement
Blessing Muzarabani

আইনি বিপাকে নয়া নাইট পেসার! পিএসএলের চুক্তি ভাঙায় মুজারাবানির বিরুদ্ধে পদক্ষেপ পাক বোর্ডের

মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলে ডাক পেতেই পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছেন জিম্বাবোয়ের পেসার।
Published By: Arpan DasPosted: 11:35 AM Mar 14, 2026Updated: 11:37 AM Mar 14, 2026

মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলে ডাক পেতেই পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছেন জিম্বাবোয়ের পেসার। তাতেই রেগে লাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে পিসিবি।

Advertisement

বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন জিম্বাবোয়ের পেসার। সুপার এইট পর্যন্ত লড়াইয়ে থাকা জিম্বাবোয়ের হয়ে ১৩টি উইকেট তোলেন। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। সেই জায়গায় ডাক পেয়েছেন মুজারাবানি। যাকে ১.১ কোটি টাকায় কিনেছিল পাক লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড। শামার জোসেফের বদলি হিসেবে মুজারাবানিকে নিয়েছিল পিএসএলের দল।

এবার তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে পাক বোর্ড। যেহেতু তিনি চুক্তি ভেঙেছেন, তাই জিম্বাবোয়ের পেসারের 'শাস্তি' হতে পারে। আইনি নোটিশ পাঠিয়ে প্রশ্ন করতে পারে, কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? কারণ, আচমকা নাম তুলে নেওয়া রীতিমতো অপেশাদার কাজ। সেক্ষেত্রে ফের পিএসএলে খেলার পথ বন্ধ হতে পারে মুজারাবানির জন্য। উল্লেখ্য, একই ঘটনা গতবছরও ঘটেছে। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও মুম্বই ইন্ডিয়ান্সের ডাকে পাকিস্তানের দল পেশোয়ার জালমি ছেড়ে ভারতে চলে আসেন। পাক বোর্ড চোখ রাঙিয়েও কোনও ক্ষতি করতে পারেনি।

পাকিস্তান সুপার লিগ শুরু হবে মার্চের ২৬ তারিখ। তার দু'দিন পর শুরু হবে আইপিএল। মনে করা হচ্ছে, আইপিএলের সঙ্গে একপ্রকার টক্কর দেওয়ার উদ্দেশ্যে একই সময়ে আয়োজন করা হয়েছে পিএসএল। কিন্তু গুণমান, অর্থ, জৌলুস, সব দিক থেকেই কয়েকশো যোজন এগিয়ে আইপিএল। ফলে ভারতের লিগে ডাক পেতেই পিএসএল-কে ‘বুড়ো আঙুল’ দেখালেন মুজারাবানি। দীর্ঘদেহী পেসারের অন্তর্ভুক্তিতে চোট-আঘাতের জন্য চাপে থাকা নাইট বোলিং বিভাগ শক্তিশালী হবে। উমরান মালিক, বৈভব অরোরা, আকাশ দীপদের সঙ্গে নাইটদের এখন ভরসা মুজারাবানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement