shono
Advertisement
KKR

মুস্তাফিজের বদলি খুঁজে নিল কেকেআর! বিশ্বকাপ মাতানো পেসারকে দেখা যাবে নাইট জার্সিতে

রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাছাড়া চোট-আঘাতের জেরে যথেষ্ট চাপে নাইট বোলিং। সেই দুর্দশা ঘোচাতে পাকিস্তান সুপার লিগে খেলার কথা থাকলেও নাইট শিবিরে যোগ দিচ্ছেন নতুন পেসার।
Published By: Arpan DasPosted: 07:11 PM Mar 13, 2026Updated: 09:05 PM Mar 13, 2026

মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। পেস বিভাগের শক্তি বাড়াতে নাইট বাহিনীতে যোগ দিচ্ছেন জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। এবারের বিশ্বকাপে ১৩টি উইকেট নিয়েছেন ব্লেসিং। দীর্ঘদেহী পেসারের অন্তর্ভুক্তিতে চোট-আঘাতের জন্য চাপে থাকা নাইট বোলিং বিভাগ শক্তিশালী হবে। এবার দেখার জিম্বাবোয়ের বোলার নাইটদের জন্য 'ব্লেসিং' হয়ে দেখা দেন কি না?

Advertisement

বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন জিম্বাবোয়ের পেসার। সুপার এইট পর্যন্ত লড়াইয়ে থাকা জিম্বাবোয়ের হয়ে ১৩টি উইকেট তোলেন। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসারের বাউন্সার যথেষ্ট বিপজ্জনক। শুরুর দিকে প্রতিপক্ষকে চাপে ফেলতে জানেন। এখনও পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯০। গড় ২১। সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। মুস্তাফিজুরকে ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। তবে মুজারাবানিকে বেস প্রাইজেই কিনছে তারা।

নাইট জার্সিতে ব্লেসিং মুজারাবানি।

ঘটনা হচ্ছে, পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল মুজারাবানির। তবে নাইট শিবিরে ডাক পেতেই পিএসএল ছাড়ছেন তিনি। আর আগামী সপ্তাহের মঙ্গলবার তিনি কলকাতাতেও চলে আসছেন। উল্লেখ্য, এর আগে লুঙ্গি এনগিডি'র বদলি হিসেবে মুজারাবানিকে নিয়েছিল আরসিবি।

আইপিএল নিলামে বেশ যত্ন নিয়েই বোলিং বিভাগ সাজিয়েছিল নাইটরা। কিন্তু বিপদ বেঁধেছে চোট-আঘাতে। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বিশ্বকাপের ঠিক একদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে মাঠের বাইরে হর্ষিত রানা। বিশ্বকাপের দলে ছিলেন না। আইপিএলের শুরুর দিকেও তাঁকে পাওয়া যাবে না। আর বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে মাথিশা পাথিরানা। তিনি কবে ফিরবেন কেউ জানেন না। ফলে উমরান মালিক, আকাশ দীপদের সঙ্গে নাইটদের এখন ভরসা মুজারাবানি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement