রজত পাতিদারের ব্যাটে ছক্কার বৃষ্টি! প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুচ্ছ রেকর্ড গড়ে আরসিবি'কে জেতালেন অধিনায়ক। রজতের নাম এখন বিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির পাশে। আবার ছক্কার দাপটে পিছনে ফেলে দিলেন ক্রিস গেইল, শ্রেয়স আইয়ারদের। ম্যাচের পর গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক হুঙ্কার দিয়ে রাখলেন, "আমরা আবার আসছি।"
গতবার তাঁর হাত ধরেই স্বপ্নপূরণ হয়েছিল বিরাট কোহলির। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। আর এবার নেতৃত্বের সঙ্গে ভয়ডরহীন ব্যাটিংও করছেন রজত। যার প্রমাণ পেল গুজরাট টাইটান্স। প্রথম কোয়ালিফায়ারে শুভমান গিলের দলের বিরুদ্ধে করলেন ৩৩ বলে ৯৩ রান। ৫টা চারের পাশাপাশি ছিল ৯টি ছক্কা। আরসিবি জেতে ৯২ রানে। যা প্লেঅফের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। এর আগে রাজস্থান রয়্যালস ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসকে ১০৫ রানে হারিয়েছিল।
রেকর্ডের এখানেই শেষ নয়। এখনও পর্যন্ত প্লেঅফে তিনটি ম্যাচে আরসিবি'র অধিনায়ক ছিলেন রজত। তিনটেই জিতেছেন। গতবার কোয়ালিফায়ার ১ ও ফাইনাল। আর এবারও কোয়ালিফায়ার ১ জিতে নিলেন। আর কোনও আরসিবি অধিনায়ক প্লেঅফে এত ম্যাচ জেতেননি। বিরাট কোহলি ২টো ম্যাচ জিতেছিলেন, হেরেছিলেন ৪টি। অনিল কুম্বলে একটি ম্যাচ জেতেন। টানা দু'বার রজতের নেতৃত্বে আরসিবি ফাইনালে উঠল। এর আগে অন্তত টানা দু'বার ফাইনালে তোলার নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনি, মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিক পাণ্ডিয়ার নামে।
শুধু নেতৃত্বে নয়, ব্যাটিংয়েও অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন রজত। গুজরাটের বিরুদ্ধে ৯টি ছক্কা হাঁকিয়েছেন আরসিবি অধিনায়ক। এবার তাঁর মোট ছক্কা সংখ্যা দাঁড়াল ৪১টি। সারা বিশ্বের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছক্কার নজির এখন তাঁর নামে। পিছনে ফেলে দিয়েছেন শ্রেয়স আইয়ার (৩৯), বিরাট কোহলি (৩৮), ক্রিস গেইল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ৩৭)।
ম্যাচের পর রজত বলেন, "আমাদের ব্যাটাররা আজ আধিপত্য দেখিয়েছে। প্রত্যেকে দারুণ মানসিকতা দেখিয়েছে। আমাদের কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। কিন্তু আমাদের মানসিকতাই ছিল যে আমরা তৈরি। গুজরাটকে বলতে চেয়েছিলাম, আমরা তোমাদের জন্য আবার আসছি। নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলাম, আক্রমণাত্মক খেলব।"
