একটা সেলফির দাম ১০০ টাকা। কে চাইছে? বৈভব সূর্যবংশী। খুদে সমর্থকরা তার কাছে আসতেই সেলফিপ্রতি ১০০ টাকা দর হেঁকে বসল ১৫ বছর বয়সি বিস্ময় প্রতিভা। কিছুটা বাধ্য হয়ে টাকা বের করে ফেলেছিল দুই খুদে ভক্ত। তারপর কী ঘটল? সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা।
বৈভবে মজেছে ক্রিকেট দুনিয়া। ৮ থেকে ৮০ সবাই তার ভক্ত। আর হবে নাই বা কেন? রাজস্থান রয়্যালসের খুদে তারকা মাঠে নামা বিশ্বের তাবড় বোলাররা আতঙ্কে থাকে। জশপ্রীত বুমরাহ থেকে জশ হ্যাজেলউড, সবারই প্রথম বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে প্যাট কামিন্সকেও ছেড়ে কথা বলেনি। তার ১০৩ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটা চার এবং এক ডজন ছক্কায়। স্ট্রাইক রেট পৌনে তিনশোর বেশি।
ম্যাচের পর বৈভবের সঙ্গে সাক্ষাৎ করতে আসে তার থেকেও খুদে দুই ভক্ত। তাদের একটাই দাবি। বৈভবের সঙ্গে সেলফি তুলবে। আর এই সুযোগে মশকরা করতে ছাড়ল না বৈভবও। তারা যখন সেলফির আবদার জানাল, তখন বৈভব বলে, "টাকা দিতে হবে।" দুই ভক্ত সেটা বিশ্বাসই করেনি। বৈভব ফের বলে, "সত্যি বলছি। এক-একটা ছবির জন্য ১০০ টাকা করে নেব। দেবে কি না বলো?" একটু পরে দুই খুদে ২০০ টাকা নিয়ে আসে। অর্থাৎ একেকজনের জন্য ১০০ টাকা করে।
এবার কাহিনি মে ট্যুইস্ট। খুদে ভক্তরা টাকা এগিয়ে দিতেই বৈভব হেসে ফেলে। তারপর বলে, "আরে ভাই মজা করছিলাম। ওদিকে দেখো।" তারপর দুই ভক্তর সঙ্গে হাতও মেলায় সে। অবশ্য বৈভবে মজে পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞও। নৌমান নিয়াজের কাছে বৈভব যেন ‘মানুষ’ নয়। যেন এক যন্ত্র নিজের কাজ করে যাচ্ছে। যেন ব্যাটে এআই দিয়ে তৈরি চিপ লাগিয়ে নামে।
