প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল গুজরাট টাইটান্স। এবার তাদের সামনে রাজস্থান রয়্যালস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা গুজরাট শিবিরে। পেশিতে চোটের কারণে প্রথম একাদশ থেকেই বাদ পড়লেন অধিনায়ক শুভমান গিল। এদিন ডবল হেডারের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই নেমছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর এবার একই পথে হাঁটলেন শুভমানও। ফলে কেবল ফ্র্যাঞ্চাইজি দল নয়, আইপিএলের শুরুতেই চিন্তা বাড়ছে ভারতীয় দলেরও।
গত মঙ্গলবার আইপিএলে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক ও সহ-অধিনায়কের দলের লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করেপাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সের হতাশাজনক হারের পর অধিনায়ক গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচ তাদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এমন একটা ম্যাচে গিলের না থাকায় প্রভাব পড়তে পারে।
গিলের জায়গায় নেতৃত্ব সামলাবেন রশিদ খান। শনিবাসরীয় সন্ধ্যায় টস হেরে গুজরাট অধিনায়ক বলেন, “গিলের পেশির টান রয়েছে। আশা করছি, খুব দ্রুত ও দলে ফিরবে।” গিলের জায়গায় সুযোগ পেয়েছেন ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র। নতুন মুখকে নিয়ে আশাবাদী রশিদ। “কুশাগ্র আজ অভিষেক করছে। ওর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছি। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।” বলেন আফগানি তারকা।
উল্লেখ্য, শনিবার অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই আইপিএলে খেলতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর পরিবর্তে মুম্বইয়ের নেতৃত্বভার সামলান বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। হার্দিক নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “হার্দিক পুরোপুরি সুস্থ নয়। ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। তাই আজ খেলছে না।” এবার অন্য ম্যাচে বাদ পড়লেন শুভমানও। তাঁর চোটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ।
