টানা হারে চাপের মুখে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭ উইকেটের হারের পর দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রধান কোচ মহেলা জয়বর্ধনে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের খারাপ ফলাফলের দায় কোনও এক ব্যক্তির নয়, বরং গোটা দল ও ম্যানেজমেন্টের। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, মুম্বইয়ের জন্য অক্সিজেন এনে দিতে পারবেন একমাত্র রোহিত শর্মা। যিনি চোটের কারণে আপাতত খেলতে পারছেন না। এখন কেমন রয়েছেন হিটম্যান? বড়সড় আপডেট দিলেন মুম্বই কোচ।
জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু হয়েছিল মুম্বইয়ের। এরপর দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দলকে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে বলেন, “আমরা যখন ভালো খেলতে পারছি না, তখন দায়টা সবারই। এটা কোনও একজনের উপর চাপানো যায় না। কোচিং স্টাফ থেকে ম্যানেজমেন্ট, সবাইকে আরও ভালো করতে হবে। আমরা খারাপ ক্রিকেট খেলছি না। কিন্তু প্রতিপক্ষ দলগুলো অনেক বেশি ধারালো ও আত্মবিশ্বাসী। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে।”
প্রশ্ন হল, রোহিত এখন কেমন আছেন? আরসিবি ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি রোহিত। তবে চিন্তার কিছু নেই বলেই জানালেন কোচ। “রোহিত দৌড়ানো শুরু করেছে। আমরা প্রত্যেক দিন ওর শারীরিক অবস্থা দেখছি। বড় কিছু নয়। তবে তাড়াহুড়ো করতে চাই না।” আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে বেরিয়ে যান রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত পুরো ব্যাট করতে পারেননি তিনি। ৫.২ ওভারে আচমকাই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন। মাঠের মধ্যে চিকিৎসা করেও লাভ হয়নি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে চোটের জায়গায় স্ক্যানও হয় তাঁর। তবে সূত্রের খবর, ২০ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত তিনি।
উল্লেখ্য, চলতি মরশুমে রোহিত চার ম্যাচে ১৩৭ রান করেছেন। গড় ৪৫.৬৭। স্ট্রাইক রেট ১৬৫.০৬। একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তবে তাঁর চোট মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপে বড় শূন্যতা তৈরি করতে পারে। চলতি আইপিএলে কেকেআর-কে হারিয়ে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা রাখতে পারেনি মুম্বই। টানা চার ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ হার্দিক পাণ্ডিয়ার দলের কাছে।
