ঋষভ পন্থ শুক্রবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। যার পর এটা মোটামুটি নিশ্চিত যে, আগামী আইপিএলে লখনউ ছাড়ছেন তিনি। কিন্তু ছেড়ে দিলে তাঁর গন্তব্য কোথায় হবে? কোন দলে যেতে পারেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার? সে নিয়ে ইতিমধ্যে প্রবল ভাবে চর্চা শুরু হয়ে গিয়েছে।
এবং পন্থের ভাবী 'স্টেশন' হিসেবে দু'টো আইপিএল টিমের নাম এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রথম, দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয়, কেকেআর!
লখনউ সুপার জায়ান্টসের হয়ে এবার দুঃসহ মরশুম গিয়েছে পন্থের। ১৪ ইনিংসে করেছেন মাত্র ৩১২ রান। এবার আইপিএলে সবার শেষে নিজেদের অভিযান সমাপ্ত করেছে লখনউ। বিগত কয়েক দিন ধরে এটা মোটামুটি সর্বজনবিদিত ছিল যে, পন্থ লখনউ অধিনায়কত্ব হারাচ্ছেন। এ দিন তাতে সিলমোহর ফেলে দেন লখনউয়ের ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি। বিবৃতি পেশ করে তিনি বলে দেন, "লখনউ সুপার জায়ান্টসের কাছে নেতৃত্ব ছাড়ার অনুরোধ করেছিল ঋষভপন্থ। ওর সেই আবেদন সঙ্গে সঙ্গে গ্রহণ করা হয়েছে। আমরা ঋষভের কাছে কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে ঋষভ যে পরিবেশ নিয়ে এসেছিল, তার জন্য।"
সে তো হল। আধুনিক ক্রিকেটে যে ভাবে পারস্পরিক সম্মান-সহ অধিনায়ক-ফ্র্যাঞ্চাইজি বিচ্ছেদ হয়, পন্থ-লখনউয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রশ্ন হল, এবার পন্থ যাবেন কোথায়? শোনা গেল, ইতিমধ্যেই তাঁকে পেতে দু'টো ফ্র্যাঞ্চাইজি নাকি ময়দানে নেমে পড়েছে।
কেকেআর এবারের আইপিএল মরশুমে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে ভুগেছে, তা হল অধিনায়কত্ব। সোজাসুজি বললে, শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর কোনও সঠিক ক্যাপ্টেনই নিতে পারেনি নাইট রাইডার্স। 'দায়ে' পড়ে কাজ চালাতে হয়েছে অজিঙ্ক রাহানেকে দিয়ে। শোনা গেল, ইতিমধ্যে নাকি কেকেআর শীর্ষকর্তাদের কেউ কেউ যোগাযোগ করেছেন পন্থের সঙ্গে। তাঁকে 'ট্রেড' করা কিংবা নিলাম থেকে কিনে নেওয়া-দু'টো দিকই খোলা রাখা হচ্ছে। তবে দিল্লি ক্যাপিটালসও দৌড়ে রয়েছে। আসলে দিল্লিতে দীর্ঘদিন খেলেছেন পন্থ। অধিনায়কত্ব করেছেন। দিল্লি কর্তৃপক্ষের একাংশ নাকি তাঁকে ফিরে পেতে চাইছে।
আধুনিক ক্রিকেটে যে ভাবে পারস্পরিক সম্মান-সহ অধিনায়ক-ফ্র্যাঞ্চাইজি বিচ্ছেদ হয়, পন্থ-লখনউয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রশ্ন হল, এবার পন্থ যাবেন কোথায়? শোনা গেল, ইতিমধ্যেই তাঁকে পেতে দু'টো ফ্র্যাঞ্চাইজি নাকি ময়দানে নেমে পড়েছে।
জল্পনা শুরু হয়েছে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফিরে আসা ইস্তক একটার পর একটা বিতর্ক হয়েছে তারকা অলরাউন্ডারকে ঘিরে। ব্যাটিং-বোলিং বা ক্যাপ্টেন্সি- তাঁর কোনও পারফরম্যান্সই বলার মতো নয়। এই অবস্থায় হার্দিক আর মুম্বইয়ের পথ আলাদা হতে চলেছে বলেই খবর।
