shono
Advertisement
Virender Sehwag

হেলিকপ্টার শটের জনক ধোনি নন! আইপিএলের মাঝেই 'স্রষ্টা'র নাম ফাঁস করে বিতর্কে শেহওয়াগ

কোনও ব্যাটার এই শট মারলেই ধোনির সঙ্গে তাঁর তুলনা চলে। অথচ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের দাবি, ভারতীয় ক্রিকেটে এই শট প্রথম ধোনি মারেননি।
Published By: Prasenjit DuttaPosted: 07:47 PM Apr 20, 2026Updated: 08:22 PM Apr 20, 2026

‘মাহি মার রহা হ্যায়…’ একটা হাঁকে এক সময় ভরে উঠত মাঠ। এখনও ছবিটা বদলায়নি। এক-সে-বরকার-এক সিগনেচার হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় থাকেন অগণিত ভক্তকুল। কোনও ব্যাটার এই শট মারলেই ধোনির সঙ্গে তাঁর তুলনা চলে। অথচ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) দাবি, ভারতীয় ক্রিকেটে এই শট প্রথম ধোনি মারেননি। বীরুর এহেন মন্তব্যের পর আইপিএলের মাঝেই শুরু হয়ে গিয়েছে নয়া বিতর্ক।

Advertisement

এক টিভি শোয়ে শেহওয়াগ বলেন, "কে বলেছে, ধোনি (MS Dhoni) হেলিকপ্টার শট প্রথম মেরেছ? ও এই শট প্রথম মারেনি। আমি এমন একটা নাম বলব যা শুনে চমকে যাবেন। ভারতীয় ক্রিকেটে প্রথমবার এই শট মেরেছেন মহম্মদ আজহারউদ্দিন। কেউ এই শট মারলেই ধোনির সমর্থকরা কেন ওর নাম আনে তার উত্তর আমার কাছে নেই।"

তিনি আরও বলেন, "২০০৩ সালের বিশ্বকাপে ওয়াকার ইউনিসের বলে আপারকাট মেরেছিলাম। কিন্তু আমার আগে শোয়েব আখতারের বলে আপারকাট মেরেছিল শচীন তেণ্ডুলকর। এর আগেও অনেকেই এমন শট মেরেছে। এরপরেও কি বলব আমিই আপারকাট মেরেছি? কখনওই না।" শেহওয়াগের এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সঙ্গে ভাইরাল একটি ভিডিও ক্লিপও। সেখানে আজহারউদ্দিনকে হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে। 

১৯৯৬ সালে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ল্যান্স ক্লুজনারের বলে বিখ্যাত 'হেলিকপ্টার শট' মেরেছিলেন আজহার। ওই ওভারেই পাঁচ বলে পাঁচ চার তো এখন মিথে পরিণত। তবে অনেকেই বলছেন, হেলিকপ্টার শটকে জনপ্রিয় করেছেন ধোনি। তিনি যতবার এই শট মেরেছেন, তা অন্য কোনও ব্যাটার মারেননি। সেই কারণেই ধোনির নামের সঙ্গে এই শট জুড়ে গিয়েছে। উল্লেখ্য, ছেলেবেলার বন্ধু সন্তোষের কাছ থেকে হেলিকপ্টার শট শিখেছিলেন মাহি। তার পরের অধ্যায় সবারই জানা। হেলিকপ্টার শট আর ধোনি সমার্থক হয়ে যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement