টানা ব্যর্থতার পর ম্যাচ জেতানো ইনিংস। পুরনো রিঙ্কু সিংকে ফিরে পেয়ে খুশি নাইটভক্তরাও। ঠিক যে রিঙ্কুর উত্থান ঘটেছিল বছর চারেক আগে। মাঝে দীর্ঘসময় তাঁকে চেনা 'ফিনিশার' রূপে পাওয়া যায়নি। তাতে অনেকে খোঁচা দিতেন, 'গরিব' রিঙ্কুই ভালো ছিল। এই ধরনের মন্তব্য যে কতটা খারাপ, সেটা মনে করিয়ে ট্রোলারদের পালটা জবাব দিলেন প্রাক্তন নাইট ক্রিকেটার আকাশ চোপড়া।
২০২২ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন রিঙ্কু। তবে ঝড়ের বেগে তাঁর উত্থান ২০২৩ সালে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যশ দয়ালের শেষ ওভারে ৫টা ছক্কা হাঁকিয়ে অসাধ্যসাধন করেন। তারপর জাতীয় দলে সুযোগ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। অনেক সংগ্রাম করে নিজের জায়গা পাকা করেন। একসময় আর্থিক অভাবে গ্যাস বহনের কাজ পর্যন্ত করেছেন। সেখান থেকে এখন কেকেআরে তাঁর বেতন ১৩ কোটি টাকা।
অথচ সাম্প্রতিক সময়ে ব্যাটে সেরকম রান নেই। যা নিয়ে অনেকেই খোঁচা দেন, রিঙ্কু যখন 'গরিব' ছিলেন, তখন ভালো খেলতেন। 'বড়লোক' হওয়ার পর আর ব্যাটে রান নেই। অনেকে তো সীমা ছাড়িয়ে বলে বসতেন, 'গরিব রিঙ্কুকে ফেরত চাই।' এই নিন্দুকদের বিরুদ্ধে প্রবল চটেছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "রিঙ্কুকে নিয়ে যাঁরা এই ধরনের মন্তব্য করতেন, তাঁদের লজ্জা হওয়া দরকার। আপনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করলে কেমন লাগত?"
তাঁর সংযোজন, "লোকে বলত, ও নাকি আর কোনও কাজে লাগে না। কিন্তু ভুলে যায় যে রিঙ্কু বিশ্বজয়ী। হয়তো খুব বেশি সুযোগ পায়নি। ওর জায়গায় ব্যাটিং করা একেবারেই সহজ কাজ নয়। কেকেআর দল হিসেবেও ভালো খেলছে না। সবারই অফ ফর্ম যায়। রিঙ্কুকে এমনভাবে ট্রোল করা হচ্ছে যেন কোনও অপরাধ করেছে।" রাজস্থান রয়্যালসকে উড়িয়ে সমস্ত অভিযোগ ইডেন থেকে সোজা গঙ্গায় পাঠিয়েছেন। জীবনদান পেয়ে ইডেনে ফিরলেন ‘ভিন্টেজ’ রিঙ্কু। প্রায় হেরে যাওয়া ম্যাচকে নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিলেন। তাঁর মুখে ফের ঈশ্বরের আশীর্বাদের কথা।
