shono
Advertisement

Breaking News

BCCI

বোর্ডের জীবনকৃতি সম্মান পাচ্ছেন বিনি-দ্রাবিড়-মিতালি, তালিকায় আর কারা?

ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায়ের সাক্ষী হতে চলেছে রাজধানী। ১৫ মার্চ নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারেও বর্ষসেরা ক্রিকেটার-সহ একাধিক বিভাগে খেলোয়াড়দের সম্মানিত করবে বোর্ড।
Published By: Prasenjit DuttaPosted: 02:42 PM Mar 14, 2026Updated: 02:42 PM Mar 14, 2026

ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায়ের সাক্ষী হতে চলেছে রাজধানী। ১৫ মার্চ নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারেও বর্ষসেরা ক্রিকেটার-সহ একাধিক বিভাগে খেলোয়াড়দের সম্মানিত করবে বোর্ড। সম্মানিতদের তালিকায় নাম রয়েছে রজার বিনি, মিতালি রাজ, রাহুল দ্রাবিড়ের। বোর্ডের জীবনকৃতি সম্মান পাচ্ছেন তাঁরা। তালিকায় আর কারা? 

Advertisement

১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রজার বিনি। সেবারের বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট নিয়ে ভারতের প্রথম আইসিসি শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। পরে জাতীয় দলের প্রধান নির্বাচক এবং বিসিসিআই সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন তিনি।

কর্নেল সিকে নাইডু জীবনকৃতি সম্মান পাচ্ছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক, ক্রিকেটার, কোচ হিসাবে অবদানের জন্য এই সম্মান পেতে চলেছেন দ্রাবিড়। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ভারত। কেবল সেই সাফল্যই নয়, পরবর্তী বিশ্বকাপ অভিযানের ভিতও তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল বলে মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষক। বিভিন্ন ফরম্যাটে ভারতের হয়ে ৫০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রয়েছে ২৪ হাজারের বেশি রান। ৪০০-র বেশি ক্যাচও ধরেছেন। তাঁর নেতৃত্বেই ২০০৭ সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল ভারত।

পাশাপাশি মিতালি রাজকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করবে বোর্ড। দীর্ঘদিন অধিনায়ক ছিলেন। ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৩৩টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করা প্রথম মহিলা ক্রিকেটার তিনিই। তাঁর নেতৃত্বে ভারত দু'বার বিশ্বকাপ ফাইনালে ওঠে। ২০২৪-২৫ সালের সেরা আন্তর্জাতিক ভারতীয় মহিলা ক্রিকেটারের তাজ উঠতে চলেছে স্মৃতি মন্ধানা। গত মরশুমে অভিষেক করা সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন শ্রী চরণী। বছরের সেরা অভিষেককারী পুরুষ ক্রিকেটার হর্ষিত রানা।

টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেবে বিসিসিআই। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব পান গিল। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে না পারলেও টেস্ট ক্রিকেটে সাফল্য এনে দিয়েছেন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ফলে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ বা পলি উমরিগর পুরস্কার পাচ্ছেন গিল।

মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে দেওয়া হচ্ছে লালা অমরনাথ অ্যাওয়ার্ড। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন পেতে চলেছে সেরা ক্রিকেট বোর্ডের পুরস্কার। তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হতে পারে বিশ্বজয়ী দলগুলোর সংবর্ধনা। প্রথমবারের মতো বিসিসিআই একই মঞ্চে পাঁচটি বিশ্বচ্যাম্পিয়ন দলকে সম্মান জানাবে। এর মধ্যে থাকছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টি-টোয়েন্টি ভারতীয় টিম। ওয়ানডে বিশ্বকাপজয়ী হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় টিম। আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় টিম (পুরুষ ও মহিলা)। একই সঙ্গে সম্মানিত করা হবে রোহিত শর্মা নেতত্বাধীন চ‌্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় টিমকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement