ক্রিকেটার হিসাবে বাংলাকে বহু বৈতরণী পার করিয়েছেন। অবসর নেওয়ার পর মনোনিবেশ করেন কোচিংয়ে। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। এবার জাতীয় দায়িত্ব সামলাবেন। 'ইমার্জিং ইন্ডিয়া'র কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন অফ স্পিনার।
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। অনূর্ধ্ব-২৩ ইমার্জিং ইন্ডিয়ার ক্রিকেটারদের বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে সৌরাশিসকে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের তরফে ভিভিএস লক্ষ্মণ বৃহস্পতিবার প্রাক্তন বঙ্গ ক্রিকেটারকে চিঠি দিয়ে এই খবর জানিয়েছেন। এমন খবরে খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে।
আগামী ১৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে একটি বিশেষ শিবির। তার আগে ১২ এপ্রিল বিকেলে সৌরাশিসকে বেঙ্গালুরুতে রিপোর্ট করতে বলা হয়েছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, দেশের প্রতিভাবান তরুণ পেস ও স্পিনারদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্রিকেট মহলের মতে, এই ধরনের উদ্যোগ দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাওড়ায় জন্মানো সৌরাশিস বাংলার হয়ে ১০০টিরও বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। অফ ব্রেক বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২৫৬ উইকেট। প্রথম শ্রেণির ম্যাচে দু'টি সেঞ্চুরিও করেছেন। তাছাড়াও ৭৬টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়েছেন। ক্রিকেটার হিসাবে অবসরের পর বাংলার অনূর্ধ্ব-১৯ দল তো বটেই, দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে কোচিং করিয়েছেন সৌরাশিস। ২০২২ সালে পূর্বাঞ্চলের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন। কেবল তাই নয়। ২০২৪ সালে দলীপ ট্রফিতে ভারত ‘বি’ টিমের বোলিং কোচ নির্বাচিত হয়েছিলেন সৌরাশিস। এবার তাঁর সামনে জাতীয় দায়িত্ব।
