shono
Advertisement
Suryakumar Yadav

'ওয়ানডে বুঝি না', সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী সূর্য এখনও টেস্ট খেলতে চান

লাল বলে খেলেই ক্রিকেটজীবন শুরু হয়েছে আমার। প্রায় দশ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলেছি, বলছেন সূর্য।
Published By: Subhajit MandalPosted: 03:36 PM Mar 17, 2026Updated: 04:16 PM Mar 17, 2026

টেস্ট ক্রিকেট খেলতে তাঁর ইচ্ছে হয়, ওয়ানডে তাঁর 'কাপ অফ টি' নয়, হাত তাঁর তৈরি হয়ে গিয়েছে একটাই ফর্ম্যাটে টি-টোয়েন্টি!

Advertisement

বক্তার নাম? সদ্য টি-টোয়েন্টি বিশ্বজয়ী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)! ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সময়- সময় মুম্বইয়া হিন্দিতে এমন এক-একখানা কথা বলেন, যার চট করে তর্জমা হয় না। না ইংরেজিতে, না বাংলাতে। এই যেমন টি-টোয়েন্টি নিয়ে বলেছেন, "হাত সেট হো গায়া হ্যায়।" যার কাছাকাছি মর্মার্থ হল, টি-টোয়েন্টিতে হাত পাকিয়ে ফেলেছেন তিনি। সেই ফরম্যাট শাসন করার দক্ষতা তাঁর চলে এসেছে।

সোমবার এক সাক্ষাৎকারে সূর্যকুমার রীতিমতো তাত্ত্বিক কথাবার্তই বলে গেলেন। "তোমার কপালে যা লেখা থাকবে, তুমি তাই-ই পাবে। একটুও কম নয়, একটুও বেশি নয়। লাল বলে ক্রিকেট জীবন শুরু আমার। দশ-বারো বছর ধরে রনজি ট্রফি খেলেছি। মুম্বইয়ের হয়ে লাল বলে প্রচুর ক্রিকেট খেলেছি। আসলে মুম্বইয়ের সেটাই ক্রিকেট সংস্কৃতি। কিন্তু সাদা বলের ক্রিকেট খেলা শুরু করার পর আমার ঝোঁক সে দিকে চলে যায় কিছুটা", বলতে থাকেন সূর্য। সঙ্গে যোগ করেন, "শেষে আসে টি-টোয়েন্টি। ওয়ানডে ক্রিকেট নিয়েও প্রচুর চেষ্টা-চরিত্র করেছিলাম। তবে লাভ হয়নি। কিন্তু টি-টোয়েন্টিতে যেমন চলছে আমার, বলতে পারি যে হাত সেট হয়ে গিয়েছে।"

কিন্তু সুযোগ পেলে কি লাল বলে ফের খেলবেন না? প্রশ্ন শুনে এবার স্বভাবসিদ্ধ হাসেন সূর্য। বলেন, "খেলার ইচ্ছে তো আছে। খেলতে ভালোও লাগবে। বললাম না, লাল বলে খেলেই ক্রিকেটজীবন শুরু হয়েছে আমার। প্রায় দশ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলেছি। কিন্তু তার জন্য সুযোগও তো পেতে হবে। টেস্ট খেলতে কে না চায়, বলুন?" দেখতে গেলে, পঁয়ত্রিশ বছর বয়সে সূর্যকুমারের পক্ষে টেস্ট টিমে ঢোকা, অসম্ভবের সমতুল্য। জীবনে মাত্র একটা টেস্ট খেলেছেন তিনি (সূর্য স্মরণ করিয়ে দেন, আদতে একটা ইনিংস!)। ২০২৩ সালে। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে টেস্টে মাত্র ৮ রান করেন তিনি। সে বছরই ওয়ানডে বিশ্বকাপ খেলেন সূর্য। কিন্তু বিশেষ সুবিধে করতে না পারায়, দু'টো ফর্মাট থেকেই বাদ পড়ে যান। টেস্ট, ওয়ান ডে-দু'টো থেকেই। "ওয়ান ডে ক্রিকেট কখনওই আমি সামলাতে পারিনি। খুব কাছ থেকে দেখে মনে হয়েছে, ওয়ানডে-তে তিন রকম ভাবে ব্যাট করতে হয়। তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে, টেস্টের মতো। মাঝে ভালো স্ট্রাইক রেট রেখে ওয়ান ডে-র মতো। শেষ দিকটা আবার টি-টোয়েন্টির মতো। আমি চেষ্টা করেছিলাম মানিয়ে নিতে। পারিনি," অকপট স্বীকারোক্তি করে যান সূর্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement