বিশ্বকাপে একেবারেই ফর্মে ছিলেন না সূর্যকুমার যাদব। দল বিশ্বসেরা হলেও অধিনায়কের ব্যাটে রান ছিল না। তারপর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও রান পাননি। এই অবস্থায় সূর্যর জীবনে আস্থা জুগিয়েছে জৈন ধর্ম। কঠিন সময়ে জৈন ধর্মে আস্থা রেখেই শান্তি পেয়েছেন 'স্কাই'। শ্রীলঙ্কায় একটি অনুষ্ঠানের উদ্বোধনে গিয়ে সে কথা জানালেন ভারতের টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক।
একসময় টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার ছিলেন সূর্য। কিন্তু টি-টোয়েন্টি দল থেকেও কার্যত বিদায় দেওয়া হয়েছে। সেই সূর্যকুমার (Suryakumar Yadav) আচমকা ভারতের টেস্ট চলাকালীন শ্রীলঙ্কায় হাজির। সেখানে মুম্বই তারকা বলেন, "যখন জৈন সমাজের কথা ওঠে, তখন অনেকে শুধু ব্যবসার কথা ভাবে। কিন্তু আমার কাছে জৈন ধর্ম বললে সবার আগে মাথায় আসে ধৈর্য, শৃঙ্খলা ও পরিশ্রম। সেটাকে কাজে লাগিয়েই মানুষ ব্যবসায় সাফল্য পান।"
সূর্য স্বীকার করে নেন, "যখন আমি আইপিএলে বা বিশ্বকাপে খেলছিলাম, তখন আমি জৈন সম্প্রদায়ের নাম্ব্রা মুনীর নাম জপ করছিলাম। আমি পার্থক্য বুঝতে পেরেছি। আমি অনেক শান্ত হয়েছি, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছি। গত একবছরে আমি জৈন সম্প্রদায়ের মানুষের মধ্যে নিষ্ঠা, ভালোবাসা ও পরিশ্রমী মানসিকতা দেখেছি। আমি মুম্বইতে একটি জৈন সমাজের অনুষ্ঠানেও অংশগ্রহণ করি। যেখানে বলেছি যে, আমি জৈন ধর্ম অনুসরণ করি।"
কলম্বোয় ওই অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। তাঁকে সূর্য জানিয়ে রাখলেন কামব্যাকের জন্য লড়াই চালাচ্ছেন। তিনি বলেন, "অনেক ফিট হয়েছি। কামব্যাকের চেষ্টা করছি। ১০০ শতাংশ দিতে তৈরি।" দুই তারকার আলাপের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
